প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৬:৫৭ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৭:০৩ পিএম
ফুটবলে হাতেখড়ির ক্লাব বলেই ক্রুজেইরোর প্রতি আলাদা টান ছিল রোনালদো নাজারিওর। ২০২১ সালে ক্লাবটির শেয়ার কিনে মালিক হন তিনি। যদিও যাত্রাটা ক্যারিয়ারের মতো সমৃদ্ধ হয়নি। উল্টো আদালতের নির্দেশে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তির।
দুবারের বিশ্বকাপজয়ী এই তারকার বিরুদ্ধে অভিযোগ, প্রায় ১ মিলিয়ন রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা) দেনা রয়েছে তার। ব্রাজিলের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান তার ব্যাপারে মামলা করলে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন আদালত।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নতুন বছরের শুরু থেকে ক্লাবের বিভিন্ন খরচ মেটাতে আর্থিক সমস্যায় ভুগছেন রোনালদো। এজন্য ক্রুজেইরোর ২০ শতাংশ শেয়ার বিক্রি করতে চান ব্রাজিলিয়ান কিংবদন্তি, যা কিনতে রাজিও হয়েছেন লুরেনকো। শুরুর ধাপে লুরেনকো ক্রুজেইরোর ২০ শতাংশ শেয়ারের জন্য ১৫ কোটি ব্রাজিলিয়ান রিয়াল দিতে পারেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যম। গত বছরের নভেম্বর থেকে ক্লাবের শেয়ার বিক্রির পরিকল্পনা করছেন রোনালদো। ২০২৩ সালে ক্লাবের শক্তি বাড়াতে প্রয়োজনীয় টাকাপয়সা জোগাড় করতেই এ সিদ্ধান্ত নেন তিনি।