খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে সবার আগে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় দল হিসেবে ভারত জায়গা করে নিয়েছে। সর্বশেষ গতকাল বাংলাদেশকে হারিয়ে শেষ চারে গেছে শ্রীলঙ্কা। আর মাত্র একটি দল সুপার ফোরে যেতে পারবে।
ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে শেষ চারে যাচ্ছে কোন দেশ, পাকিস্তান না হংকং। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শারজায় মুখোমুখি হচ্ছে দল দুটি। সহজ হিসাব বিজয়ী দল যাবে সুপার ফোরে।
আইসিসির পূর্ণ সদস্য পাকিস্তান এবং সহযোগী হংকং। কাগজে-কলমে নিশ্চিতভাবে ফেভারিট পাকিস্তান। এ ম্যাচে তাদেরই বলা হচ্ছে জায়ান্ট, কিন্তু হংকং জায়ান্ট কিলার।
ক্রিকেটীয় দৃষ্টিকোণ কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে, পাকিস্তানের শক্তির কাছে ধ্বংস হয়ে যাবে হংকং। কিন্তু ২০ ওভারের ক্রিকেটে অঘটন ঘটাতে কতক্ষণ! ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করা হংকং বেশ আত্মবিশ্বাসী। দলে আছে বাবর হায়াত, জিশান আলী ও স্কট ম্যাককেচনির মতো বিগ হিটার। আয়ুশ শুক্লা, ইশান খান ও ইয়াসিম মুর্তজা বল হাতে প্রতিপক্ষকে চেপে ধরতে পারেন।
ধারণা করা হচ্ছে, হংকংয়ের বিপক্ষে গত বুধবার ভারত যেভাবে ইনিংস খেলেছে, সেভাবেই এগোবে পাকিস্তান। শুরুতে রক্ষণাত্মক থেকে মাঝামাঝি সময়ে আগ্রাসী ভূমিকায় শেষ সাত ওভারে ৯৮ রান তুলেছিল রোহিত শর্মারা। অবশ্য বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দারুণ শুরু করলে মিডল অর্ডারের জন্য চাপ কম থাকবে। তা ছাড়া পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে রয়েছে বেশ উদ্বেগ।
পাকিস্তান দলে নাসিম শাহের ফিটনেস নিয়ে রয়েছে দুশ্চিন্তা। সম্ভবত তার পরিবর্তে দলে খেলতে পারেন মোহাম্মদ হাসনাইন। আর ভারতের বিপক্ষে উজ্জীবিত পারফরম্যান্স করা হংকং একই দল নিয়ে মাঠে নামবে।
অবাক করা ব্যাপার হলো, পাকিস্তান এ বছর কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি। অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে দুটি ম্যাচ খেলেই দুটোতেই হেরেছে। প্রথমবার এ ফরম্যাটে হংকংয়ের মুখোমুখি হয়ে বছরের প্রথম জয় না পেলে সেটা হবে পাকিস্তানের জন্য দুর্যোগ। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের জন্য হবে হতাশার, কারণ তারা আশায় আছে আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার। দেখা যাক, হংকং সেই আশায় জল ঢেলে দেয় কি না!
প্রবা/আরএম/এমআই