প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৮ পিএম
বিপিএল কিংবা আন্তর্জাতিক সিরিজের আগে ডিআরএস থাকবে কি না, সে প্রশ্ন বারবার উঁকি দিয়ে ওঠে। এখন থেকে আর ওই প্রশ্ন ওঠার সুযোগ থাকছে না। স্থায়ী সমাধান হিসেবে ডিআরএস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করছে বিসিবি। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ।
বিপিএল কিংবা আন্তর্জাতিক সিরিজগুলোতে ডিআরএসের জন্য প্রোডাকশনে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিল বিসিবি। ওই জটিলতা এড়িয়ে সম্প্রচার হওয়া সব ম্যাচে ডিআরএস রাখতে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে তারা।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেন, ‘আসছে দুটি সিরিজে ডিআরএস তো থাকছেই, বিপিএলেও আগামী চার বছর ডিআরএস পেতে আর কোনো সমস্যা হবে না। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা অংশ। আগে যখন ডিআরএস ছিল না তখন কিন্তু আইসিসি ইভেন্টও হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএসটাকে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএসটাকে আনার। আমরা চেষ্টা করেছিলাম ডিআরএসটাকে আমাদের প্রোডাকশন টিমের হাতে দিয়েছিলাম। এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ মেয়াদে যাচ্ছি।’
কতদিন পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করা হচ্ছে, সেটা জানিয়ে সুজনের ভাষ্য, ‘সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে, তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছি, ২০২৭ সাল পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (বিপিএল) হবে, সেখানে এখন থেকে সব সময় ডিআরএস থাকবে।’
বিপিএলের সর্বশেষ দুই আসরে ডিআরএস না থাকায় বড় বিতর্কের তৈরি হয়েছিল। সেই সমস্যা থেকে বেরিয়ে আসতেই এই চুক্তিতে যাচ্ছে বিসিবি। এ ছাড়াও ম্যাচপ্রতি ডিআরএসের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় কমাতেও এই সিদ্ধান্ত তাদের।