প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৬ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২ এএম
অনুশীলন তখনও শুরু হয়নি বাংলাদেশের। মেহেদি হাসান মিরাজকে ঘিরে ভিড় জমালেন বাকি খেলোয়াড়রা। চলল ফটোসেশন। হেতু? মিরাজের মাথায় যে উঠেছে ‘মুকুট’!
২০২২-এ দারুণ একটা বছর কাটিয়ে তিনি ঢুকে গিয়েছিলেন আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে, সে স্বীকৃতিরই স্মারক ক্যাপটা গতকাল পেয়েছেন তিনি। অনুশীলন শুরুর আগে তাকে এই ক্যাপটা পরিয়ে দেন রঙ্গনা হেরাথ।
গেল বছরের শুরুটাই মিরাজ করেছিলেন দারুণভাবে। আফগানিস্তানের বিপক্ষে ২১৬ রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট খুইয়ে বসা বাংলাদেশকে এনে দিয়েছিলেন অবিশ্বাস্য এক জয়, অপরাজিত ছিলেন ৮১ রানে। বছরের শেষ সিরিজে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেললেন তেমনই এক ইনিংস, অপরাজিত ৩৮ রানের ইনিংসে বাংলাদেশকে এনে দিয়েছিলেন ১ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। পরের ম্যাচেই আবার করে বসেছিলেন দারুণ এক সেঞ্চুরি।
বল হাতেও গেল বছরটা দুর্দান্ত কেটেছে তার। অনেক জয়ের নায়কও ছিলেন ‘বোলার’ মিরাজ। গায়ানায় উইন্ডিজের বিপক্ষে ২৯ রান খরচায় তুলে নিয়েছিলেন ৪ উইকেট। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডেতে ৬১ রানে শিকার করেছিলেন ৪ প্রোটিয়া ব্যাটারকে, দেশটিতে প্রথম জয় যে এসেছে, তার অন্যতম নায়ক ছিলেন তিনিও।
এমন সব পারফরম্যান্সেরই স্বীকৃতি হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির ওয়ানডে বর্ষসেরা একাদশে। তারই স্মারক ক্যাপটা গতকাল মাথায় উঠেছে মিরাজের।