খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৪ পিএম
মেসি ও রোনালদোর পর পরবর্তী দ্বৈরথ কার কার মধ্যে হবে তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার কমতি নেই। সত্যি বলতে মেসি ও রোনালদোর যোগ্য উত্তরসূরি এত সহজে পাওয়া যাবে না। কিন্তু ফুটবল তো আর বসে থাকে না। মেসি ও রোনালদো পরবর্তী তারকা হিসেবে ধরা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডকে। এমবাপ্পে পিএসজির হয়ে শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বকাপটাও ছুঁয়ে দেখেছেন কিন্তু হালান্ড তো এত বড় পর্যায়ে যেতে পারছিলেন না। তাই গত মৌসুমে সিদ্ধান্ত নেন ক্লাব পরিবর্তন করার। জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে সোজা চলে আসেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে।
বুরুশিয়া ডর্টমুন্ড এ খেলার সময় নিজের নামের সাথে গোলমেশিন উপাধি নিয়েই সিটিতে পাড়ি জমিয়েছিলেন। সবাই প্রত্যাশা করেছিল যে হালান্ড সিটিতেও সফল হবে। কিন্তু ক্লাবে আসতে না আসতেই যে গোলের বন্যা বইয়ে দেওয়ার কাজ শুরু করে দেবেন তা কে জানত।
এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল ) এ মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। আর এর মধ্যেই করে ফেলেছেন নয়টি গোল। আর যার মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক। কি অবাক হচ্ছেন? অবাক তো হওয়ারই কথা। আর শুরুতেই এত দুর্দান্ত পারফরম্যান্স তাই তাকে নিয়ে ভাবা হচ্ছে অনেক দূরের পথ। তাকে নিয়ে তো রীতিমতো ফুটবল বিশ্লেষক ও সাবেক ফুটবলাররা লাগিয়ে দিচ্ছেন বড় রেকর্ড ভাঙার কারিগর।
এই যেমন গ্যারি লিনেকার আর্লিং হালান্ডের এই বিধ্বংসী শুরুর পর প্রিমিয়ার লিগে অ্যালান শিয়ারের করা সর্বোচ্চ ২৬০ গোলের রেকর্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
আর মাইকেল ওয়েন তো সরাসরি বলেই দিয়েছেন, ‘গোল নিয়ে যত রেকর্ড আছে তার সব ভেঙে দেবে হালান্ড--আমি তা-ই মনে করি। এটা করার মতো তার সব ধরনের সামর্থ্য আছে।
আর ২২ বছর বয়সী এই নওরেজিয়ান স্ট্রাইকারকে নিয়ে অসাধারণ ভবিষ্যদ্বাণী করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, ‘কিংবদন্তি ফুটবলার হওয়ার সব ধরনের যোগ্যতা আছে হালান্ডের। তবে এর জন্য দরকার ইনজুরিমুক্ত ধারাবাহিক ফুটবল খেলা।’
গতকাল নটিংহ্যামের বিপক্ষে হ্যাটট্রিকের পর সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বলেন, যখন আমরা হালান্ডকে কিনি তখন অনেকেই অনেক কথা বলেছিল। বিশেষত সে আমাদের সাথে খাপ খাওয়াতে পারবে বলে মনে করেনি অনেকেই। তবে সে জানে তাকে কী করতে হবে। সে উপভোগ করবে এবং আরও গোল করবে। আমরা শুধু উপভোগ করতে থাকি।
তবে হালান্ডকে প্রশংসায় ভাসালেও ভুলে যাননি সাবেক ম্যানসিটি তারকা আর্জেন্টাইন সার্জিও আগুয়েরোকে। তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আগুয়েরো একজন কিংবদন্তি ফুটবলার। সে গুরুত্বপূর্ণ গোল করে সিটিভক্তদের মনে যেভাবে জায়গা করে নিয়েছে তা কেউই ভাঙতে পারবে না। তবে আর্লিং হালান্ডের সেই জায়গায় যাওয়ার যথেষ্ট সামর্থ্য রয়েছে।’