প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৭ পিএম
তৃতীয় দিনেই শেষ হতে যাচ্ছিল ওয়েলিংটন টেস্ট, হয়ত হয়েও গেছিল! কিন্তু সেখানে বাধ সেধেছে নিউজিল্যান্ড—ফলোঅন কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে কিউই দল গড়েছে নজির, এনেছে পাঁচশ ছুইছুই রান। জবাব দিতে নেমে চতুর্থ দিনে ১ উইকেট হারিয়ে ইংলিশরা এখনও পেছনে ২১০ রানে।
বেসিন রিজার্ভে পঞ্চম দিনে তাই যেকোনো কিছু ঘটতে পারে। খোলামেলা বললে, ওয়েলিংটন টেস্টের ভাগ্য ঝুলিয়ে দিয়েছে স্বাগতিক কিউইরা। পেন্ডুলামের মতো দোদুল্যমান টেস্টের ফল নিজেদের দিকে আনতে বাকি নয় উইকেটে পঞ্চম দিনে আরও দুইশতাধিক রান আনতে হবে স্টোকসদের। ব্লাক ক্যাপসদের সমীকরণও সহজ, তাদের চাই ইংলিশদের বাকি নয় ব্যাটারের উইকেট।
তৃতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ২০২ রান থেকে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের সেঞ্চুরি আর চার ফিফটিতে দ্বিতীয় ইনিংসে জমা করে ৪৮৩ রান। জবাবে ৪৮ রান তুলতে ওপেনার জ্যাক ক্রাউলিকে হারিয়েছে ইংলিশরা।