প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২১ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৫ এএম
লা লিগায় কিছুতেই যেন বার্সার নাগাল পাচ্ছে না চীরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতের ম্যাচে জয়টা একটু বেশিই প্রয়োজন ছিল রিয়ালের। কিন্তু হলো আর কই। মাদ্রিদ ডার্বিতে কোনো রকমে মান বাঁচিয়েই দায় সেরেছে আনচেলত্তি শিষ্যরা। অ্যালেক্স রদ্রিগেজের গোলে ১-১ এর ড্র’য়ে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে তাদের। আর তাতেই শীর্ষে থাকা বার্সার সঙ্গে রেসে পিছিয়ে পড়েছে দলটি। বার্সার থেকে এখনও ৭ পয়েন্ট দূরে রিয়াল।
গতকাল রাতের ম্যাচে বল দখলে রেখে আক্রমণেও গিয়েছে রিয়াল। যদিও সেই আক্রমণ সাফল্যের মুখ দেখেনি। বিপরীতে রিয়ালের আক্রমণ সামলে মাঝে মাঝে পাল্টা আক্রমণেও ওঠেছে তারা। তারাও পায়নি গোলের দেখা। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্র’য়ে।
দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি আসে আরও। সেই আক্রমণ সামলাতে গিয়েই ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে অ্যাঞ্জেল কোরেয়া। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি রিয়াল। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে উঠে গ্রিজম্যানের বাড়ানো বল জালে জড়িয়ে উদযাপনে মাতেন হোসে মারিয়া জিমেনেজ। এরপরই যেন নড়েচড়ে বসে রিয়াল। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। কাজও হয় তাতে। লুকা মদ্রিচের বাড়ানো বলে গোল করে দলকে সমতায় ফেরান অ্যালেক্স রদ্রিগেজ। এরপর আর গোল না হলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।