প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৮ পিএম
আগের ম্যাচেই হেরেছিল দল, কার্যত শিরোপার সম্ভাবনাও প্রায় ‘শেষ’ হয়ে গিয়েছিল তাতে। তিনি নিজে মাঠে ছিলেন মোটে এক মিনিট। একাদশে ফিরলেন গতকাল শুক্রবার। যেদিন ছিল আবার তার জন্মদিন। খেলানো হলো তার পছন্দের জায়গা লেফট উইংয়ে। এরপর ফয়সাল আহমেদ ফাহিম যেন নিজের জন্মদিনে আবাহনীকেই উপহার দিয়ে বসলেন। করলেন দারুণ এক হ্যাটট্রিক। তার সঙ্গে আরেক বাংলাদেশি এলিটা কিংসলেও করলেন তিন গোল, দুই হ্যাটট্রিকের ম্যাচে আবাহনী ৭-০ গোলের বিশাল ব্যবধানেই হারিয়েছে এএফসি উত্তরাকে।
নিজেদের সবশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারের বিষাদে ডুবতে হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেডকে। এরপর কোচ মারিও লেমস বলেছিলেন, এখন থেকে রানার্সআপ হওয়ার লড়াইটা চালিয়ে যাওয়াই হবে শ্রেয়। সেই কক্ষপথে এক ম্যাচ পরেই ফিরেছে আবাহনী।
এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল জড়িয়েছে উত্তরার জালে। সবশেষ ম্যাচের আগ পর্যন্ত ৯ ম্যাচে হজম করেছিল ২১ গোল। তবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গতকাল শুক্রবার তাদের বিপক্ষে প্রথম গোল পেতে আবাহনীকে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। পিটার এনোরাহর পাস থেকে গোলটা করেন বার্থডে বয় ফয়সাল। সেই এক গোলের সন্তুষ্টি নিয়েই প্রথমার্ধ শেষ করে লেমসের দল।
দ্বিতীয়ার্ধে দেখা মিলল আবাহনীর গোল-উৎসবের। ৫৩ মিনিটে আলমগীর মোল্লার বাড়ানো বল থেকে গোল করে যার শুরুটা করেন এলিটা কিংসলে। ৪ মিনিট পর আবারও আবাহনীর উল্লাস, এবার উপলক্ষ এনে দিলেন শুরুর দুই গোলদাতা, কিংসলের বাড়ানো বল থেকে গোলটা করেন ফাহিম।
এর ৪ মিনিট পর ব্যক্তিগত দ্বিতীয় গোলটা করেন কিংসলে। আগের গোলে জোগান দেওয়া নাবিব নেওয়াজ জীবন নিজেও স্কোরশিটে নাম তোলেন ৬৪ মিনিটে। পিটার এনোরাহর পাস থেকে করা তার গোলটা আবাহনীকে এগিয়ে দেয় ৫ গোলে।
এরপর আবারও স্পটলাইট কেড়ে নেন ফাহিম। ৭৯ মিনিটে আরও একবার উত্তরার জালে বল জড়ান। নিজের জন্মদিনেই পেয়ে যান প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিকের দেখা। যোগ করা সময়ে রহমত মিয়ার পাস থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কিংসলে।
এই জয়ের পরও দ্বিতীয় স্থানে থাকা আবাহনী বসুন্ধরা কিংসের চেয়ে পিছিয়ে রইল ৯ পয়েন্টে। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট।
আবাহনীর মতো মোহামেডানও আগের ম্যাচে হেরেছিল। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো তারাও ফিরেছে জয়ে। শাহরিয়ার ইমনের একমাত্র গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি।
সবশেষ ম্যাচে মোহামেডানকে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হারানো ফর্টিস গতকালও চলে গিয়েছিল দারুণ এক জয়ের খুব কাছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২০ মিনিটে দলটির ডিফেন্ডার আমিরউদ্দিন শারিফি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও চার মিনিট পর শাহীন আহাম্মেদের গোলে এগিয়ে যায়। তবে শেষ মুহূর্তে নদির মাললিয়ানোভের গোলে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন ভেঙে যায় ফর্টিসের। এই ড্রয়ের পর ফর্টিস নেমে গেছে তালিকার সপ্তম স্থানে, ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ওদিকে শেখ জামাল ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রইল তালিকার পঞ্চম স্থানে।