প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫০ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৯ পিএম
পিএসএলে আগের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি ছিলেন খরুচে। ৪ ওভারে লাহোর কালান্দার্সের অধিনায়ককে গুনতে হয়েছিল ৩৯ রান। তার দলও হেরেছিল ৬৭ রানের বড় ব্যবধানে। মেয়েজামাইয়ের এমন বাজে সময়ে শ্বশুর শহিদ আফ্রিদি পাশে থাকবেন না, সেটা কি হতে পারে!
চলতি মাসের ৩ ফেব্রুয়ারি থেকে দুই আফ্রিদির মাঝে সম্পর্ক পাকিস্তানের ক্রিকেটার ছাপিয়ে জামাই-শ্বশুরে পরিণত হয়েছে। জামাই শাহিনের বোলিংয়ের কিছু সমস্যা দেখেছিলেন অভিজ্ঞ শ্বশুর, তৎক্ষণাৎ জানিয়েছেন। ডানহাতি ব্যাটারদের বিপক্ষে কীভাবে বল করতে হবে সেটি বলে দিয়েছেন, ওয়াসিম আকরামের মতো স্ট্যাম্পের কাছ থেকে বোলিংয়ের পরামর্শও ছিল আফ্রিদির। শ্বশুরের পরামর্শমতো কাজ করেছিলেন শাহিন।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পরের ম্যাচেই তিনি ছিলেন সফল, ২২ রানের বিনিময়ে তুলেছিলেন ৩ উইকেট, জেতেন ম্যাচসেরার পুরস্কার। দলও জেতে ৬৩ রানের বড় ব্যবধানে। অভিজ্ঞ শুশ্বর এবং তার পরামর্শ বলে কথা!