প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৯ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০১ পিএম
বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পেসার জাহানারা আলমের কণ্ঠে ছিল একটি জয়ের প্রত্যাশা। টুর্নামেন্ট শেষে প্রত্যাশা ও বাস্তবতার ফারাক বিস্তর। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা জাগালেও পরের ম্যাচগুলোতে তা ছিল দুরাশা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে জয়হীন একটি বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ নারী দল। টানা চার বিশ্বকাপে জয়হীন বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টজুড়ে ছিল দলের রান বাড়াতে না পারার আক্ষেপ।
আগের ম্যাচগুলোতে প্রতিপক্ষের অন্তত একটি উইকেট নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরাতে পারেনি জ্যোতি বাহিনী। বাংলাদেশের দেওয়া ১১৪ রানের লক্ষ্য বিনা উইকেটেই পাড়ি দেয় স্বাগতিকরা। হাফসেঞ্চুরি করে ওই কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের। তাদের ইনিংস বড় হতো না যদি বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ ও রান আউট মিস না করতেন। ম্যাচ শেষে অধিনায়ক এই ভুলের কথা বলতে ভোলেননি, ‘ফিল্ডাররা অনেক বেশি মিস করেছে। এখানে আমাদের কাজ করার অনেক জায়গা আছে।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে বাংলাদেশের ১১৩ রানের সংগ্রহে সর্বোচ্চ ৩০ রান আসে জ্যোতির ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সোবহানা মোস্তারি। বড় কিংবা মাঝারি মানের কোনো জুটি না হওয়ায় জ্যোতি ও মোস্তারির মাঝারি ইনিংসের পরও বড় সংগ্রহ হয়নি।
ম্যাচ শেষে বড় সংগ্রহের অভাবকে দুষে অধিনায়ক বলেন, ‘১৪০ করা দরকার ছিল। আমার মনে হয় পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান করতে পারিনি। ছোট লক্ষ্যে ম্যাচ জেতা অনেক কঠিন।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে সরাসরি জাতীয় দলের ডেরায় যোগ দেওয়া স্বর্ণা আক্তার ও মারুফা আক্তার এখানেও ছড়িয়েছেন আলো। তাদের প্রশংসায় অধিনায়ক জ্যোতির ভাষ্য ছিল, ‘মারুফা ও স্বর্ণা দারুণ। তারা দলে এসেই দারুণ পারফর্ম করেছে। যথেষ্ট এনার্জেটিক এবং সব সময় পারফর্ম করতে চায়।’
দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসীরা বাংলাদেশের মেয়েদের মাঠে গিয়ে দিয়েছিলেন সমর্থন। সেই আস্থার প্রতিদান দিতে না পারলেও কৃতজ্ঞতা ঝড়েছে নিগারের কণ্ঠে, ‘বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ। তারা এখানে আমাদের সব সময় সমর্থন দিচ্ছে।’
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১১৩/৬, ২০ ওভার (নিগার ৩০, মোস্তারি ২৭, নাহিদা ১৫, শামিমা ১১, স্বর্ণা ১১; খাকা ২/২১, ক্যাপ ২/১৭, শবনিম ১/২২ ও ম্লাবা ১/২১)।
দক্ষিণ আফ্রিকা : ১১৭/০, ১৭.৫ ওভার (উলভার্ট ৬৬*, ব্রিটস ৫০*)।
ফল : দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : লরা উলভার্ট।