প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪১ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৩ এএম
রেড বুল এরিনা যেন বড়ই অপয়া ম্যানচেস্টার সিটির জন্য। গত মৌসুমে জার্মানির এ মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। সঙ্গী হয়েছিল হারের তেতো স্বাদ।
এবার সেই হারের মধুর প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ ছিল কোচ পেপ গার্দিওলার শিষ্যদের সামনে। কিন্তু দুর্ভাগ্যটা এ মৌসুমেও পিছু ছাড়েনি। জয় নামক সোনার হরিণ এবারও ধরা দেয়নি। উল্টো হোঁচট খেতে হয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে।
দলের নতুন সেনসেশন আর্লিং হল্যান্ড গোলের দেখা না পাওয়ায় আরবি লাইপজিগের মাঠে জয় বঞ্চিত হয় ম্যানচেস্টার সিটি। তবুও রক্ষে যে এবার আর হারতে হয়নি। ড্রয়ের স্বস্তি নিয়ে অন্তত ফিরতে পেরেছে অতিথি ম্যানসিটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগের দেখায় স্বাগতিক লাইপজিগের মাঠ থেকে ১-১ গোলের ড্রয়ের আক্ষেপ নিয়েই ফিরেছে ম্যানসিটি।
আরও পড়ুন -
লুকাকুর গোলে শেষ আটের আশায় ইন্টার
মাঠের লড়াইয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। দুরন্ত আক্রমণ থেকে ম্যাচের ২৭তম মিনিটেই এগিয়েও যায় তারা। লাইপজিগের জাল কাঁপিয়ে দেন রিয়াদ মাহরেজ।
আলজেরিয়ান উইঙ্গারের গোলে জয়ের স্বপ্ন বুঁনে যাওয়া সফরকারী ম্যানসিটির আঙিনায় আঘাত হানেন জসকো গ্যাভারদিওল। ক্রোয়েশিয়ান এ ডিফেন্ডার লাইপজিগকে সমতায় ফেরালে জয়ের স্বপ্ন ভেস্তে যায় সিটির।
১৪ মার্চ ম্যানসিটির সঙ্গে ফের দেখা হবে লাইপজিগের। লড়াইটা হবে ম্যানচেস্টারে। ইতেহাদ স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে কে হাসে সেটাই এখন দেখার।