প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৫ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম
নাইকির সঙ্গে ২০২০ সালে দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের অবসান আগেই ঘটিয়েছে বিসিসিআই। এর পর থেকে দীর্ঘমেয়াদে নামকরা কোনো প্রতিষ্ঠানের কাছে কিট স্পনসর স্বত্ব বিক্রির চেষ্টা চালায়। অ্যাডিডাসের কাছে স্পনসর স্বত্ব বিক্রি করে অবশেষে বিসিসিআইয়ের সেই চেষ্টা সফল হয়েছে। পাঁচ বছরের চুক্তিতে অ্যাডিডাসের কাছে কিট স্পনসর স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যম মারফত বিষয়টি জানা গেছে। কী পরিমাণ অর্থে এ স্পনসর স্বত্ব বিক্রি করেছে তা জানা যায়নি। প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ এই ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান।
ভারতের আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো বড় বড় ক্রীড়া পরাশক্তির জার্সিতে দেখা গিয়েছিল অ্যাডিডাসের লোগো। তবে সেটা স্বল্পসময়ের জন্য। এবার ভারতের জার্সিতে অ্যাডিডাসের লোগো দেখা যাবে পাঁচ বছরের জন্য।
২০২০ সালে নাইকির সঙ্গে সম্পর্ক ছেদের পর বিসিসিআইয়ের নতুন কিট স্পনসর হয় এমপিএল। তিন বছরের জন্য ৯ কোটি রুপিতে এ স্বত্ব কিনেছিল। এ ছাড়া প্রতি ম্যাচের জন্য বিসিসিআইকে তারা দিয়েছিল ৬৫ লাখ রুপি। চুক্তির মেয়াদ শেষের আগেই পোশাক নির্মাতা প্রতিষ্ঠান কিলারের কাছে ওই স্পনসর স্বত্ব বিক্রি করে সরে দাঁড়িয়েছে তারা। এমপিএল ও কিলারের ওই সম্মিলিত চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে।