প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৮ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৪ পিএম
চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে ক্যাম্পেইন শুরু করছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের এ জায়ান্ট ক্লাবের নতুন এ মিশন মাঠে গড়াতে যাচ্ছে জার্মানি সফরের মাধ্যমে। মাঠের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আরবি লাইপজিগ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে দুদল। হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।
তবে রেড বুল অ্যারেনায় আগের সফরের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না। সিটিজেনস ২-১ গোলে হার মেনেছিল। গত মৌসুমে টুর্নামেন্টে খেলা সেই গ্রুপ পর্বের ম্যাচের চিত্রনাট্যের পুনরাবৃত্তি এবার চায় না ম্যানসিটি। চায় উল্টো প্রতিশোধ নিতে।
তবে কোচ পেপ গার্দিওলার শিষ্যদের জন্য কাজটি মোটেই সহজ হবে না। ছেড়ে কথা বলবে না স্বাগতিকরা। যদিও গ্রুপ পর্বে সময়টা মোটেই ভালো যায়নি। লাইপজিগকে কঠিন লড়াইয়ের মাধ্যমে পেরোতে হয়েছে সেই বাধা। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে তারা হার মেনে বসেছিল শাখতার দোনেৎস্ক ও রিয়াল মাদ্রিদের কাছে। তবে বাকি চার ম্যাচে ঘুরে দাঁড়ায়। ঘরের মাঠে তো লস ব্লাঙ্কোসকে তারা হারিয়ে দেয় ৩-২ গোলে। দাপুটে এ জয়ের সুবাদে ‘এফ’ গ্রুপের রানারআপ হিসেবে জার্মান ক্লাবটি নক আউটে কোয়ালিফাই করে।
সে সময় লাইপজিগ শুধু চারটি ম্যাচই জেতেনি। সব ধরনের প্রতিযোগিতায় তাদের সময়টাও দারুণ কেটেছে। সব ধরনের টুর্নামেন্টে মিলে তারা ১৮ ম্যাচে অজেয় ছিল, ১ অক্টোবর থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাদের সেই অপরাজিত থাকার ধারাটা ভেঙে যায় বুন্দেসলিগায়। ইউনিয়ন বার্লিনের কাছে লাইপজিগ হেরে যায় ২-১ ব্যবধানে।
হারের তেতো স্বাদ ভুলে কোচ মার্কো রোজের দল জয়ের ধারায় ফিরেছে। বহু কাঙ্ক্ষিত জয়টি আবার এসেছে গত সপ্তাহান্তে। উলভসবুর্গের বিপক্ষে ৩-০ গোলের অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লাইপজিগ। এই জয়ই বুন্দেসলিগার শিরোপা লড়াইয়ে তাদের টিকিয়ে রেখেছে। জার্মান দলটি লিগ পয়েন্ট তালিকায় রয়েছে এখন পঞ্চম স্থানে। যদিও শীর্ষ ছয় দলের পার্থক্যটা মাত্র ছয় পয়েন্টের। বাকি এখনও ১৩ ম্যাচ।
লিগে ওপরের দিকে এগিয়ে যেতে লাইপজিগ এখন তাকিয়ে ফ্রাঙ্কফুর্ট ও বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের দিকে। তবে তার আগে তাদের মনোনিবেশ করতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগে। কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে শেষ ষোলো পর্বে নিজেদের তৃতীয় ম্যাচের আগে সারতে হচ্ছে প্রস্তুতি। ইংলিশ ক্লাবের বিপক্ষে সাফল্য-ব্যর্থতা মুদ্রার দুপিঠই দেখেছে তারা। ২০১৯-২০ মৌসুমে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতলেও পরে ২০২০-২১ মৌসুমে একই স্কোরলাইনে তারা ধরাশায়ী হয় লিভারপুলের কাছে।
গত মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে রেঞ্জার্সের কাছে হার মেনেছিল ডাই রোটেন বুলেন শিবির। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নেওয়ার স্মৃতি এখনও জ্বলজ্বল করছে তাদের ডাগআউটে। শেষ সময়ে কাইল ওয়াকার লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে স্কোরশিটে নাম লিখিয়েছিলেন ডমিনিক সজোবোসজলাই ও আন্দ্রে সিলভা।
আজ বুধবার রাতে ম্যানসিটির সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে নিশ্চয়ই সতর্ক থাকবে লাইপজিগ। তবে সিটির বিপক্ষে জয়ের সুখস্মৃতি সঙ্গী করে মাঠে নামবে আত্মবিশ্বাসী জার্মান দলটি। তবে মাঝের খারাপ সময় কাটিয়ে ফর্মে ফেরার চেষ্টা করে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। প্রিমিয়ার লিগ শিরোপা ছিনিয়ে নেওয়ার দৌড়ে শত্রু আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল ম্যানসিটি। বেশ উজ্জীবিত দলটি পরে হোঁচট খেয়েছে ঘরোয়া ফুটবলের শীর্ষ টুর্নামেন্টে। তবে নিজেদের সবশেষ ম্যাচে দুর্বল দল নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কোচ গার্দিওলার দল। ইউরোপিয়ান আসরের লড়াই দিয়ে এবার তাদের জয়ের ধারায় ফেরার পালা। তবে শেষ হাসি কে হাসবে? উত্তরটা জানার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।