চ্যাম্পিয়ন্স লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫২ পিএম
করিম বেনজেমা তো বলেই দিয়েছেন, শিরোপা জিততে চাই। কার্লো আনচেলত্তিও হয়ত বাঁকা চোখে হিসেব কষছেন, ১৫ মার্চের খেলা তো সান্তিয়াগো বার্নাব্যুতে—শেষ আটের টিকিট নিশ্চিত করতে লিভারপুলকে সেখানে জিততেই হবে। শুধু জিতলেই চলবে না, স্কোরলাইনেও রাখতে হবে চোখ। রিয়াল মাদ্রিদকে ফিরতি লেগে হারাতে হবে অন্তত ৪ গোলের ব্যবধানে। এমন ফল আনা কার্যত সম্ভব না বলেই মেনে নিচ্ছেন অল রেডদের বস জুর্গেন ক্লপ, তবুও শেষ আরেকটা চেষ্টা চালাবেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল। একগাদা রেকর্ড গড়ার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে আছে ৫-২ ব্যবধানে, অ্যাওয়ে গোলের হিসেব না থাকলেও সেটিও বেশ বড় বটে! তাই ক্লপের কপালে চিন্তার ভাঁজ। প্রিমিয়ার লিগ সহ সব প্রতিযোগিতায় ধুঁকতে থাকা অ্যানফিল্ডের দলকে আবারও জয়ের ধারায় ফেরার মন্ত্রও শুনিয়েছেন সালাহ-নুনেজদের বস।
আরও পড়ুন: লিভারপুলের ২ গোলের জবাবে রিয়ালের ৫ গোল
ঘরের মাঠে এমন হারে হতাশ হওয়া ক্লপ শুনিয়েছেন বাস্তবতার গল্প, ‘মনে হচ্ছে কার্লো আনচেলত্তি ভাবছেন, লড়াই শেষ। আমারও ধারণা এমন। তবে ম্যাচের কাছে যত এগোব আমাদের সুযোগও বাড়বে। সেখানে জয়ের চেষ্টা করব। এটা সম্ভব নাকি সম্ভব নয়—তাও জানি না।’
আপাতত প্রিমিয়ার লিগ নিয়ে চিন্তা করছেন ক্লপ। লিগ টেবিলের নয় নম্বরে থাকা দলটিকে টেনে নিতে মনোযোগী হতে চান লিভারপুলের বস, ‘সময় আছে। ওই ম্যাচের আগে আমাদেরকে প্রিমিয়ার লিগে খেলতে হবে, নিজেদের গুছিয়ে নিতে হবে। সবকিছু ঠিক করে এই ম্যাচের ইতিবাচক দিকগুলি ওই ম্যাচে কাজে লাগাতে হবে।’
আনচেলত্তির শিষ্যরা ২১ থেকে ৬৭ মিনিটের মধ্যে এনেছে ৫ গোল, প্রতি ৯ মিনিটে করেছে একটি করে গোল
অ্যানফিল্ডে দুঃস্বপ্নের রাতের পর শিষ্যদের ক্লপ শুনিয়েছেন উজ্জীবিত হওয়ার মন্ত্র, ‘খেলা শেষে ছেলেদেরকে সরাসরিই বলেছি, ‘হার মানে স্রেফ পরাজয়, যদি এখান থেকে শিখতে না পারো। যদি এই একটি ম্যাচকেই আমরা নির্ধারক বানিয়ে ফেল, তাহলে তা হতাশাজনক।’ ক্লপ চাচ্ছেন, প্রথমার্ধের মত পুরো ম্যাচ দাপুটে খেলুক তার শিষ্যরা, ‘আমাদের শুরুটা দুর্দান্ত ছিল। কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। দ্বিতীয় গোলটি তো হাস্যকর। এটা হতে পারে না, কখনওই হতে পারে না। এখানে প্রথমার্ধে যেমন ম্যাচ খেলেছি, আমি তেমন ম্যাচ খেলতে চাই, পুরো ৯৫ মিনিট।’