প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম
বর্তমান সময়ে ফুটবলে যেকোনো সেরার পুরষ্কারের তালিকায় ওপরের দিকে থাকে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের নাম। মাঝেমধ্যে একে অন্যের বড় প্রতিদ্বন্দ্বী হয়েও পড়েন পিএসজির দুই সতীর্থ। তেমনি লরিয়াস ওয়াল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য লড়বে মেসি ও এমবাপে। তারা ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আরও চারজন।
খেলাধুলায় ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে মোট ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’। খেলোয়াড়দের শেষ এক বছরেরর পারফর্ম বিচার করে প্রস্তুত করা হয় সংক্ষিপ্ত তালিকা। সোমবার ২০২৩ সালের সেরাদের নমিনি তালিকা দেওয়া হয়েছে। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির বিবেচনার ভিত্তিতে পুরষ্কার প্রদান করা হবে। পুরষ্কার কবে দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
লরিয়াস ডট কম জানিয়েছে, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন (গতবারের পুরষ্কার জয়ী), অ্যাথলেটিকসে মোন্ডো ডুপলেন্টিস, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল এবং বাস্কেটবলের স্টিফেন কারির সঙ্গে সেরার দৌড়ে আছেন মেসি ও এমবাপে।
আরও পড়ুন: লিভারপুলকে উড়িয়ে রিয়ালের ৬ রেকর্ড
দলীয়ভাবে এ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে—ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ও চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই বিভাগে তারা লড়বে ইংল্যান্ড নারী ফুটবল দল, ফ্রান্স রাগবি দল, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, ফর্মুলা ওয়ানের রেড বুল রেসিং।
এছাড়া স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড, ডিজঅ্যাবিলিটি অ্যাওয়ার্ড, ব্রেকথ্রু অ্যাওয়ার্ড, স্পোর্টসওম্যান অ্যাওয়ার্ডের তালিকায় প্রতি বিভাগে ছয়জনের করে নাম ঘোষণা করা হয়েছে। ব্রেকথ্রু অ্যাওয়ার্ডে আছে কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো। কামব্যাক পুরষ্কারে মনোনয়ন পেয়েছেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।