প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৩ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম
ইংরেজিতে কথা বলায় একটু নাক সিটকানো ভাব আছে বাবর আজমের। পাকিস্তানের অধিনায়ক বেশ কয়েকবার রাখঢাক না রেখে জানিয়েছিলেন, ইংরেজিতে তাকে টানে কম, তবে কাজ চালানোর জন্য এখনও শিখছেন। বাবরের সেই ‘ঠেক’ চালানো ইংরেজি শিক্ষাকে তুচ্ছতাচ্ছিল্য করে তার ইংরেজি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আকতার। পাকিস্তানের সাবেক তারকা পেসারের মতে, ভালো ইংরেজি না পারার কারণেই এখনও পিছিয়ে বাবর।
পাকিস্তানের একটি টিভিতে কথা বলার সময় খেলোয়াড়দের ইংরেজি না জানার ইস্যুতে তোপ দাগেন শোয়েব। শুধু বাবরের ওপর নয়, পুরো দলের ইংরেজি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান তারকা। ভাষাটি জানার গুরুত্ব বুঝিয়ে দলের সবাইকে আহ্বান জানিয়েছেন ইংরেজি শিখতে, মিডিয়ার সামনে কথা বলার সাহস জোগাতে, ‘ইংরেজি শেখা ও কথা বলা কত কঠিন? ক্রিকেট খেলা এক বিষয় আর মিডিয়া সামলানো আর এক বিষয়। যদি কথা বলতে না পারেন, তবে টিভিতে নিজেকে প্রকাশ করতে পারবেন না।’
শোয়েব মনে করেন বাবরের ইংরেজি জ্ঞান কম বলেই ও দেশেও পিছিয়ে
শোয়েবের মতে, ক্রিকেটটা ঠিকঠাক খেলতে পারলেও মিডিয়া সামলানোর ব্যাপারে একেবারে পেছনের সারিতে বাবর আজম। ইংলিশে তিনি খুব একটা পারদর্শী নন। শোয়েব মনে করেন, ইংরেজি জ্ঞান কম থাকায় পাকিস্তান ক্রিকেটের ব্র্যান্ডিংও হতে পারছেন না পাকিস্তানের বর্তমান অধিনায়ক, ‘সবার সামনে বলছি, বাবর আজমের পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত। কিন্তু কেন ও এখন পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি?’
আরও পড়ুন : আফ্রিদি তাণ্ডবে টেবিলে এগোল লাহোর