প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৫ পিএম
কাদিজের বিপক্ষে গোল করে এক ঢিলে দুই পাখি নয়, একেবারে তিন পাখি ধরাশায়ী করেছেন রবের্ত লেভান্ডোভস্কি। পোলিশ স্ট্রাইকার লা লিগায় পেছনে ফেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোকে, বার্সেলোনার সাবেক দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। মূলত তিনজন হলেও পোলিশ স্ট্রাইকার লেভা ছাড়িয়ে গেছেন দুটি রেকর্ড।
বায়ার্ন মিউনিখের পাঠ চুকিয়ে স্পেনে আসা লেভা সোমবার পেয়েছেন লা লিগায় ১৫তম গোল। একুশ শতকে স্প্যানিশ লিগে এটি দ্বিতীয় দ্রুততম ১৫ গোলের রেকর্ড। ২০০৯-১০ মৌসুমে দ্রুততম রেকর্ডটি গড়েছিলেন রোনালদো। ইংল্যান্ড ছেড়ে আসা সিআর সেভেন প্রথম ১৭ ম্যাচে ছুঁয়েছিলেন ১৫ গোল। মাইলফলক ছুঁতে লেভান্ডোভস্কির লেগেছে ১৯ ম্যাচ।
রবিবার কাদিজকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুটি গোলই আসে প্রথমার্ধের শেষ সময়ে। ৪৩তম মিনিটে সার্জিও রবের্তো দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান রবের্ত লেভান্ডোভস্কি। স্কোরলাইন অক্ষত রেখেই শীর্ষের অবস্থানও পোক্ত করে কাতালানের ক্লাব।
রিয়ালের থেকে ৮ পয়েন্ট এগিয়ে যাওয়ার দিনে বার্সা স্ট্রাইকার আরেকটি কৃতি গড়েছেন। ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি ও উরুগুয়ের তারকা সুয়ারেজকে। বার্সেলোনার হয়ে মেসি ও লেভা ছুঁয়েছেন এক মৌসুমে ২৪ গোল।
কাতালান ক্লাবের জার্সিতে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচেই রেকর্ডটি ছুঁয়ে ফেলেছেন লেভা। ৩৪ বর্ষী তারকা লা লিগায় ১৫ গোলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে ৫টি, স্প্যানিশ সুপারকোপায় ২টি এবং কোপা দেল রেতে ২টি গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে গোলসংখ্যা ২৪টি।