প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫০ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৩ এএম
চার ম্যাচের টেস্ট সিরিজে দুটি শেষ সবে। দুটোতেই যাচ্ছে তাই বাজেভাবে হার মেনেছে অস্ট্রেলিয়া। সে আবার তিন দিনেই। ভারতীয় স্পিন বিষে নীল হয়ে তাদের সিরিজ প্রায় হাতছাড়া হওয়ার যোগাড়। দলের এই সংকটের দিনে দেশে ফিরে গেছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স।
এখন প্রশ্ন হলো- দলকে বিপদে ফেলে অস্ট্রেলিয়ায় কেন ফিরে গেলেন? আসলে ব্যক্তিগত জীবনে এ অজি অধিনায়কও পড়েছেন সংকটে। পরিবারের কেউ গুরুতর অসুস্থ। এ কারণেই তড়িঘড়ি করে ঘরে ফিরতে হয়েছে তাকে।
দিন কয়েকের জন্য সিডনিতে গেছেন কামিন্স। ফিরেই ইন্দোরে হতে যাওয়া তৃতীয় টেস্টকে সামনে রেখে প্রস্তুতি নেবেন। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে ৯ দিনের ছুটি পেয়েছে দুদল। এই সুযোগেই স্বজনদের কাছে ফিরে গেছেন তারকা এ পেসার।
দিল্লীতে দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়া হেরেছে ৬ উইকেটে। তার আগে ধরাশায়ী হয়েছে তারা প্রথম টেস্টেও। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ১ মার্চ।
কামিন্সের সঙ্গে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন জশ হ্যাজলউডও। বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি দুই টেস্টে দর্শক হয়েই থাকবেন। সঙ্গে বাকি ম্যাচগুলোতে অনিশ্চিত হয়ে পড়েছেন ডেভিড ওয়ার্নার।
জানা গেছে, ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হবে ওয়ার্নারকেও। কারণ দিল্লি টেস্টে মোহাম্মদ সিরাজের বলে মাথায় আঘাত পেয়েছেন এ উদ্বোধনী ব্যাটার।