প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। পেশোয়ার জালমির জার্সিতে অবশ্য এক ম্যাচের বেশি খেলতে পারছেন না। পারিবারিক কারণে দ্রুতই আসর ছেড়ে যুক্তরাষ্ট্রের পথে যেতে হচ্ছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
সাকিবের পিএসএল ছাড়ার খবরটি রবিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে তার দল পেশোয়ার জালমি। তার জায়গায় দলে যোগ দিচ্ছেন আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই।
আরও পড়ুন: কিপটেমিতে শুরু, শেষে খরুচে সাকিব, তবু জয়ে শুরু
বিজ্ঞপ্তিতে সাকিব বলেছেন, গুরুত্বপূর্ণ এক ব্যক্তিগত কারণে আমাকে সাময়িকভাবে পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। এখানে আমার বড় ফ্যানবেজ আছে এবং তাদের সামনে সবগুলো ম্যাচ খেলতে চেয়েছিলাম। হতাশ হওয়ার কারণ নেই। পেশোয়ার জালমির হয়ে শিরোপা উদ্ধারে আসরের দ্বিতীয় পর্বে ফেরত আসছি।
চলতি মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। সিরিজের আগে ৫ ম্যাচের জন্য পেশাওয়ার জালমিতে যোগ দিয়েছিলেন সাকিব। করাসি কিংসের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন। ব্যাট হাতে ১ বলে ১ রান করার পর বল হাতে খরুচে ছিলেন সাকিব। ৩ ওভারে ৩২ রান গুণেও কোনো উইকেট পাননি, তবে তার দল তুলেছিল জয়।