প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৩ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম
নতুন এক মাইলফলক গড়লেন চেতেশ্বর পূজারা। বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে মাঠে নেমে ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এনেছেন ১০০তম টেস্ট খেলার গৌরব। অথচ দীর্ঘ এই যাত্রার শুরুতেই থেমে যেতে পারত তার ক্যারিয়ার। ১৪ বছর আগে যদি না ত্রাণকর্তা হয়ে শাহরুখ খান টেনে ধরতেন তাকে। সেই পূজারা আজ গড়েছেন সেঞ্চুরির রেকর্ড।
সেই প্রত্যাবর্তনের গল্প শুনিয়েছেন পূজারার বাবা অরবিন্দ। তখন আইপিএলে শাহরুখ খানের দল কলকাতার হয়ে খেলতেন পূজারা। সে সময় গুরুতর চোটে পড়েন তিনি। চোট এতটাই ভয়াবহ যে ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারত।
অরবিন্দ বলেন, ‘কেকেআরের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে বড় চোট লেগেছিল। আমরা চাইছিলাম রাজকোটে ফিরে অস্ত্রোপচার করাতে। কিন্তু কেকেআরের মালিক শাহরুখ খানই পরামর্শ দেন ওকে দক্ষিণ আফ্রিকায় অস্ত্রোপচার করানোর। যেহেতু ওই দেশের রাগবি খেলোয়াড়রা পূজারার মতো চোট প্রায়ই পেতেন, তাই ওখানকার চিকিৎসকরাও সেই চোটের ব্যাপারে ভালো জানতেন।’
সুনীল গাভাস্কারের কাছ থেকে আজ শততম টেস্টের ক্যাপ পরার পর পূজারা বলেছেন, ‘ছোট থেকেই ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম। কিন্তু কখনও-ই ভাবিনি ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পারব। টেস্ট ক্রিকেট আমার কাছে গুরুত্বপূর্ণ ফরম্যাট, এটি জীবনের মতোই আপনাকে চ্যালেঞ্জ করে। ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার জন্য সব তরুণকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করব।’
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ছাপিয়ে গেছেন পূজারা। আজহার ভারতের জার্সিতে ৯৯টি টেস্ট খেলেছিলেন। দিল্লি টেস্টের আগে ৯৯ ম্যাচে পূজারা ৪৪.১৫ গড়ে ৭০২১ রান করেছেন। ১৯টি সেঞ্চুরি এবং ৩৪টি অর্ধ শতরান রয়েছে তার উইলোতে।