প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৮ পিএম
আন্তঃবিশ্ববিদ্যালয় (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঢাবি’র সিফাত সাদিক খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ঢাবি স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাবি ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিজয়ী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীদের নিয়ে দু’গ্রুপে আয়োজিত এ প্রতিযোগিতায় ২৩টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।