প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৫ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৩ এএম
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের দল চেলসিকে হারিয়ে দিয়েছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। যদিও দুঃসময় ভুলে এ ম্যাচে লড়াই চালিয়ে গিয়েছিল চেলসি। তবে শেষ পর্যন্ত হেরেই শেষ হলো প্রথম লেগ। চেলসি পিছিয়ে ১-০ গোলে।
এদিন প্রতিপক্ষের ডেরায় নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছিল চেলসি। বল দখলেও টেক্কা দিয়েছে সমানতালে। বল দখলে রেখেছে ৪৯ শতাংশ। গোলের উদ্দেশ্যে শট নেওয়ায়ও এগিয়ে ছিল তারা। তবে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। উল্টো এ ম্যাচে ১০ হলুদ কার্ড দেখেছেন দুই দলের ফুটবলাররা।
এভাবেই আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ হয়েছে প্রথমার্থ। কিন্তু গোল পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধেও একই পথে এগোচ্ছিল ম্যাচের গতিপথ। পরে ডর্টমুন্ড তারকা করিম আদেইয়েমি এগিয়ে নেন দলকে। থিয়াগো সিলভার হেড থেকে বল পেয়ে করিম আদেইয়েমিকে বাড়ান রাফায়েল গেরেইরা। ২২ বছর বয়সি জার্মান ফরোয়ার্ড নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ছুটে যান চেলসির ডি-বক্সের দিকে। পথে বাধা হন এনজো ফার্নান্দেজ। তাকে এড়িয়ে চেলসি গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আদেইয়েমি। তার করা ওই গোলটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে। বাকি সময় চেষ্টা চালিয়েও গোল শোধ দিতে পারেনি চেলসি। তবে গোল ব্যবধান না বাড়ানোর দায় দিতে হতে পারে ডর্টমুন্ডকে। কেননা ফিরতি লেগে নিজেদের মাঠে ডর্টমুন্ডকে ছেড়ে কথা বলবে না চেলসি। চেলসি-ডর্টমুন্ড শেষ ষোলোর ফিরতি লেগ ৭ মার্চ।