প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৫ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩ এএম
বিতর্ক থেকে অনেক দিন দূরেই ছিলেন সুইস সুয়ারেজ। দীর্ঘ বিরতি শেষে ফের বিতর্কে জড়ালেন উরুগুয়ের এই তারকা ফুটবলার।
ফুটবল মাঠে মারামারি করে বেকায়দায় পড়ে গেছেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। রেফারির এক সিদ্ধান্ত নিয়ে মাঠে ফুটবলারদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে তর্ক করেও থামেননি। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন সুয়ারেজ।
ফাউলের কারণে রেফারি গোল বাতিল করলে প্রতিপক্ষ অ্যাভেনিদার ফুটবলাররা তেড়ে যান রেফারির দিকে। অ্যাভেনিদার অধিনায়ককে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। তাতে ঝামেলা আরও বেড়ে যায়। অ্যাভেনিদার অতিরিক্ত ফুটবলাররাও গিয়ে ঘিরে ধরেন রেফারিকে।
রেফারিকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সুয়ারেজ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে মিলিটারি পুলিশ।
তারা রেফারি ও সুয়ারেজকে সরিয়ে নেন। পরে অ্যাভেনিদার আরও এক ফুটবলার লাল কার্ড দেখেন। শেষে নয়জন নিয়ে খেলে সুয়ারেজের দল গ্রেমিওর কাছে হার মানে অ্যাভেনিদা।