গাজী নাসিফুল হাসান
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৮:৫১ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ২৩:৫১ পিএম
রবার্ট লেওয়ানডোস্কি। ছবি : সংগৃহীত
গত সিজনের শেষ দিক থেকেই খবর বের হওয়া শুরু হয়েছিল, বায়ার্ন মিউনিখের সঙ্গে ৮ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তাদের দলের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। আর তখন থেকেই শুরু হয় কোথায় যাবেন এই স্ট্রাইকার। আর সে সময় যে নামটি সবার আগে আসছিল, তা হচ্ছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা।
যদিও তখন শঙ্কা ছিল আর্থিক সঙ্কটে বার্সা কি পারবে লেওয়ানডোস্কির মতো স্ট্রাইকারকে সাইন করাতে? এর চেয়েও বড় প্রশ্ন ছিল, বার্সা সাইন করাতে পারলেও লেওয়ানডোস্কি কি পারবে বার্সায় নিজেকে মেলে ধরতে?
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সায় নিজেকে মেলে ধরতে শুরু করেছেন লেওয়া। সবার একটাই শঙ্কা ছিল, জার্মানি থেকে স্পেন ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন খেলার ধরনে নিজেকে মেলে ধরতে পারবেন কি লেওয়ানডোস্কি। কিন্তু বার্সেলোনার কোচ জাভি এবং রবার্ট লেওয়ানডোস্কি দুজন ছিলেন কনফিডেন্ট। নিজেকে লেওয়া ধীরে ধীরে প্রমাণ করতে শুরু করেছেন কেন তাকে গোল মেশিন বলা হয়।
লা লিগায় এখন পর্যন্ত মোট ৩টি ম্যাচ খেলেছে এফসি বার্সেলোনা। আর তিনটি ম্যাচে এখন পর্যন্ত মোট চারটি গোল দিয়েছেন রবার্ট লেওয়ানডোস্কি। তার মধ্যে গতকাল তিনি জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তার একটি অ্যাটাক বারে লাগায় হ্যাটট্রিক মিস হয়।
আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত লা লিগার টপ গোল স্কোরার লেওয়া। কিন্তু লেওয়াকে শুধু গোলসংখ্যা দ্বারা যাচাই-বাছাই করলে আপনি ভুল করবেন। কেননা একটা খেলোয়াড় যখন নতুন কোনো ক্লাবে যায়, তখন তার সেই ক্লাবের টেকনিকের সঙ্গে পরিচিত এবং খাপখাওয়াতে বেশ সময় লাগে। তা ছাড়া প্রতিটি ক্লাবের মাঠে খেলার ধরন কিন্তু এক নয়। এ ছাড়া যাদের সঙ্গে খেলবে তাদের সঙ্গে বোঝাপড়াটাও খুবই গুরুত্বপূর্ণ। আর যেকোনো খেলোয়াড়কে এই বিষয়গুলোর সঙ্গে খাপখাওয়াতে সময় লেগে যায় প্রায় একটি মৌসুম।
তবে এটা সত্যি যে বার্সার খেলার ধরন আর বায়ার্ন মিউনিখের খেলার ধরন মোটেও এক নয়। বায়ার্ন মিউনিখ যেখানে হাই প্রেসিং ফুটবল খেলে, সেখানে বার্সা এখনও টিকিটাকা স্টাইলের। সে ক্ষেত্রে লেওয়ানডোস্কির মানিয়ে নিতে সময় লাগবে এটা অনেকটা নিশ্চিত ছিল।
কিন্তু সকলের ধারণা ভুল প্রমাণিত করে প্রি সিজন থেকে শুরু করে এখন পর্যন্ত নিজেকে একটুও ভাবতে দেননি যে তিনি নতুন এসেছেন বার্সায়।
লেওয়ানডোস্কির এই দ্রুত মানিয়ে নেওয়া প্রসঙ্গে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘লেওয়ানডোস্কি খুবই ম্যাচিউর একজন খেলোয়াড়। সে ভালো করেই জানে কোন পরিস্থিতিতে তাকে কীভাবে খেলতে হবে। আর সবচেয়ে ভালো যে গুণটি তার মধ্যে উপস্থিত তা হচ্ছে সে সহজেই টিমের সবার সঙ্গে মানিয়ে নিতে পারে।’
লেওয়ানডোস্কির এই ফর্মে থাকা বার্সার জন্য সুখকর। কেননা লেওয়ার মতো গোলমেশিন নিয়মিত গোল করলে বার্সার শিরোপা খরা সহজেই মেটাতে পারবে।
প্রবা/আরএম/এমজে