প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৩ পিএম
প্রথম টেস্ট ছিল অমীমাংসিত। তবে বুলাওয়ের দ্বিতীয় ও শেষ টেস্ট ঠিকই জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেটা বড় ব্যবধানে। গোদাকেশ মোটির রেকর্ডগড়া বোলিংয়ে ম্যাচের তিন দিনেই স্বাগতিক জিম্বাবুয়েকে ইনিংস ও ৪ রানে ধরাশায়ী করেছে ক্যারিবিয়ানরা।
দারুণ এ জয়ে শুধু ম্যাচই জিতেনি ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে অতিথিরা।
এই প্রথম কোনো টেস্টে ১১টির বেশি উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজের কোনো স্পিনার। মোটি ৯৯ রান দিয়ে শিকার করেন ১৩ উইকেট।
মোটি ভেঙে দিয়েছেন ৭৩ বছরের আগের রেকর্ড। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সনি রামদিন ১৫২ রানে ১১ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন।
ম্যাচসেরা গোদাকেশ মোটি প্রথম ইনিংসেই শিকার করেন ৭ উইকেট। তার বিধ্বংসী বোলিং জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ধসে পড়ে ১১৫ রানে। জবাবে উইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৯২ রানে। ফিফটি হাকান রোস্টন চেজ (৭০) ও রেমন রেইফার (৫৩)। তাদের সঙ্গে ৪৪ রান এনে দেন জোশুয়া ডি সিলভা।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। ক্যাপ্টেন ক্রেইগ আরভিনের (৭২) অর্ধ-শতকের পরও ১৭৩ রানে গুটিয়ে যায় তারা। ইনোসেন্ট কাইয়া এনে দেন ৪৩ রান। গোদাকেশ এবার নেন ৬ উইকেট। জিম্বাবুয়ে লিড নিতে না পারায় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে।