প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৬ পিএম
সৌদি আরবের কোনো ক্লাব হিসেবে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আল হিলাল। শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের এটি চেনা মঞ্চ। তবুও লড়াইয়ে রঙ চড়ল৷ ৮ গোলের রোমাঞ্চকর ফাইনালে এগোনো—পেছানোর খেলায় শেষ পর্যন্ত হেরে গেছে আল হিলাল। ৫-৩ গোলের ফাইনালে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির দল।
প্রিন্স মৌলি আবদেলাহ স্টেডিয়ামে বল দখল, আক্রমণ কিংবা গোলে শট রাখতে পিছিয়ে থাকলেও রিয়ালের চোখে চোখ রেখে খেলেছে আল হিলাল। তবে তিন গোল করেও শিরোপার হাসি হাসতে পারেনি ক্লাবটি, খুইয়েছে ৫ গোলের বোঝা নিয়ে।
৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষকে তটস্থ করে রেখেছিল ভিনিসিয়ুস, করিম বেনজেমা ও ফেদেরিকো ভালভের্দেকে নিয়ে গড়া কার্লো আনচেলত্তির আক্রমণভাগ। ২৮টি শটের ১১টি রেখেছিল লক্ষ্যে, গোল এসেছে পাঁচটিতে। ফাইনালে রিয়ালের গোল আরও হতে পারত। ২ গোল নিয়ে ভিনিসিয়ুস-ভালভের্দে ও ১ গোল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বেনজেমাকে।
রিয়ালের হয়ে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত আনচেলত্তি, ‘আমরা খুবই খুশি। দারুণ খেলেছি আজ (গতকাল), বিশেষ করে আক্রমণভাগে দুর্দান্ত।’ ইতালিয়ান কোচের কণ্ঠে সেই একই শব্দ ‘প্রেরণা’, ‘মৌসুমের বাকি সব কিছুর জন্য প্রেরণা হতে পারে এই ট্রফি। সামনের সময়টা নিয়ে আত্মবিশ্বাসী। আশা করি, সব টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমরা লড়ে যাব।’
প্রতিপক্ষের রক্ষণ ব্যস্থ থাকলেও রিয়ালের রক্ষণ দুর্গ ভালোই ভেদ করেছেন আল হিলালের দুই ফরোয়ার্ড। মুসা মারেগা ও লুসিয়ানো ভিয়েত্তোর পাল্টা আক্রমণে অস্বস্তিতেও ভুগেছে রিয়াল। পয়সা উসুলের ম্যাচে ১৩ মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান ভালভের্দে।
বিশ্বকাপ বিরতির পর থেকে নিজেদের সেরাটা খুঁজে ফিরছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়েছে বড় ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছেই হারিয়েছে স্প্যানিশ সুপার কাপ। চেনা রূপে ফেরার চ্যালেঞ্জে ক্লাব বিশ্বকাপের ফাইনাল তাই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল দলটির৷ অন্য কোনো ক্লাব যেখানে তিনবারের বেশি ক্লাব বিশ্বকাপ জিততে পারেনি। সেখানে পাঁচবারের পাঁচবারই চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে শেষ পর্যন্ত ফিরেছে রিয়াল।
খেলার ১৮ মিনিটে দুই গোলে এগিয়ে যাওয়ার পর আল হিলাল একটি গোল শোধ দেয় ২৬ মিনিটে। মারেগার গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে চার গোলে পিছিয়ে পড়ে সৌদির ক্লাব৷ ৫৪ মিনিটে গোল করেন করিম বেনজেমা, চার মিনিট পর জোড়া গোল করে ব্যবধান বাড়ান ভালভের্দে। ৬৯ মিনিটে নিজেদের পঞ্চম শিরোপা জিততে পঞ্চম গোলটি করেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনি। মাঝে ৬৩ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তো দেন আরেকটি গোল শোধ, ৭৯ মিনিটে জোড়া গোলে কমান ব্যবধান। তবে রিয়ালের থেকে শিরোপা কেড়ে রাখতে পারেননি।