× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের ইতিহাসের পথে বাধা কুমিল্লা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৫ পিএম

সিলেটের ইতিহাসের পথে বাধা কুমিল্লা

সিলেট স্ট্রাইকার্সকে ডাকছে ইতিহাস। বিপিএলের শেষ আট মৌসুমে সাতবার অংশ নিয়েছে দলটি। তবে ফাইনালের চৌকাঠ মাড়ানো হয়নি কোনোবারই। ছয়বারই সিলেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে, ২০১৩ সালে সবশেষ খেলেছিল শেষ চারে। এবারের বিপিএলের আগ পর্যন্ত সেটাই ছিল শেষ, ১০ বছর পর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরে এবার আবারও শেষ চারে খেলছে দলটি। 

নিজেদের সেরা ফলটা ছুঁয়েই যে সিলেট তৃপ্ত হবে না, তা বলাই বাহুল্য। ফাইনালে উঠে শিরোপা জিতেই ইতিহাসটা গড়তে চাইবে। সেই প্রত্যাশা পূরণের প্রথম সুযোগটা মাশরাফিরা পাচ্ছেন আজ। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে নামবে দলটি, জিতলেই ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলবে সিলেট।

তবে মাশরাফিদের পথে বাধা তারই সাবেক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে শুরুটা ভালো না হলেও দারুণ পারফরম্যান্সে সেটা সামলে যারা চলে এসেছে শেষ চারে, তাও আবার সেরা দুই দলের একটি হয়ে। 

বিপিএলের শুরু থেকে সবচেয়ে ধারাবাহিক দলটা সিলেটই ছিল। টানা পাঁচ ম্যাচ জিতেছিলেন তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। তবে এরপর একটু যেন রঙ হারিয়েছে দলটি। শেষ সাত ম্যাচে হেরেছে তিনটিতে। 

ওদিকে কুমিল্লা এবারের বিপিএলটা যেভাবে শুরু করেছিল, তাতে শিরোপা তো দূরঅস্ত, শেষ চারের সম্ভাবনাই তো দেখা যাচ্ছিল না দলটির! শুরুর তিন ম্যাচে হেরে শুরু করা চ্যাম্পিয়নরা এরপর ফিরেছে চ্যাম্পিয়নের মতো করেই। টানা নয় ম্যাচ জিতে শুধু প্লে অফই নয়, প্রথম কোয়ালিফায়ারের টিকিটও কেটে ফেলেছে দলটি। 

সেই দুই দল মুখোমুখি আজ। এই ম্যাচের আগে শক্তি খর্ব হয়েছে দুই দলেরই। তবে তা পুষিয়ে নেওয়ার চেষ্টাও করেছে দুই দল। পাকিস্তান সুপার লিগের কারণে ইমাদ ওয়াসিম আর মোহাম্মদ আমিরকে হারিয়েছে সিলেট। বদলি হিসেবে নিয়েছে জর্জ লিন্ডাকে। 

ওদিকে কুমিল্লা হারিয়েছে মোহাম্মদ রিজওয়ান আর খুশদিল শাহকে। তার বদলে মইন আলিকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। এর আগেই অবশ্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেলকে উড়িয়ে এনেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের নিয়েই আজ কোয়ালিফায়ারে নামবে দুই দল।

সিলেট-কুমিল্লা হেরে গেলেও সুযোগ থাকছে, তবে এই বিলাসিতাটা নেই রংপুর রাইডার্স বা ফরচুন বরিশালের। আজ এলিমিনেটরে মুখোমুখি দুই দল। বরিশাল অবশ্য নিজেদের দোষেই খেলছে আজকের এই ম্যাচে। ১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল সাকিব আল হাসানের দল। শেষ দুটো ম্যাচ জিতলেই সেরা দুইয়ের একটি দল হয়ে খেলতে পারত বরিশাল। কুমিল্লা ও খুলনার কাছে হেরে তা আর হয়নি। তাই আজ রংপুরের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

রংপুরের বাস্তবতাটা অবশ্য ভিন্ন। শুরুর পাঁচ ম্যাচে দুই জয় পাওয়া দলটির তো শেষ চারে খেলাই পড়ে গিয়েছিল শঙ্কায়। তবে নুরুল হাসান সোহানের দল এরপরই ফিরেছে দারুণভাবে। টানা ছয় জয় নিয়ে চলে এসেছে প্লে অফে।

এমন ম্যাচের আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে বেশ আত্মবিশ্বাসীই শোনাল। সোহান বললেন, ‘দলের সবাই চাঙ্গা আছে। যেটা বললাম যে শেষ ম্যাচটা আমাদের জন্য ভালো একটা শিক্ষা ছিল। আমার মনে হয় যে ভুলগুলো আমরা শেষ ম্যাচে করেছি, এখান থেকে যদি ভালো কিছু শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জন্য তা ভালোই কাজে দেবে। আমার মনে হয় আমরা এখন খুবই ভারসাম্যপূর্ণ দল। বিদেশিও আমাদের নতুন দুই-তিনজন এসেছে। আশাবাদী যে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা