প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৫ এএম
দুদিন বাদে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ—জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে নামার আগে আরেকটি বড় ধাক্কা খেল পিএসজি। লিগ ওয়ানে মোনাকোর কাছে পেল ৩-১ ব্যবধানের বড় হার।
প্রতিপক্ষের মাঠে ক্রিস্তোফ গালতিয়েরের দলে ছিলেন না কিলিয়ান এমবাপে, চোটের কারণে মাঠে নামেননি লিওনেল মেসিও। নেইমার, হুগো এরিটিক ও কার্লোস সোলেরদের নিয়ে সাজানো আক্রমণ ভাগ এদিন ধুঁকেছে। শেষ পর্যন্ত বড় হার নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্সের চ্যাম্পিয়ন দল।
রবিবার রাতে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ সহ বাকিসব বিভাগে বাজে গেছে পিএসজির রাত। ৫৮ শতাংশ বল দখলে রেখে তিনটি শটের দুটি রাখতে পেরেছিল পিএসজি। প্রতিপক্ষ মোনাকো নিয়েছে জিয়ানলুইজি দোন্নারুমার সক্ষমতার প্রমাণ। ১৫টি শটের নয়টি রেখেছিল লক্ষ্যে। গোলও এসেছে তিনটি।
খেলার ৪ মিনিটের মাথায় মোনাকোকে এগিয়ে দেন আলেকজান্ডার গোলোভিন৷ পরের গোলটিও আসে পরের পনের মিনিটের মাথায়। ১৮ মিনিটে দলকে লিড এনে দেন উইসাম বেন ইয়েদের। ফ্রেঞ্চ স্ট্রাইকার পরে প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইনে তিন গোল আনেন।
মাঝে ৩৯ মিনিটে একটি গোল শোধ দিতে পারে পিএসজি, ওয়ারেন জাইর-এমেরির গোলে আশা দেখলেও দ্বিতীয়ার্ধে হতশ্রী পারফর্মে প্যারিসের ক্লাবটি দেখেছে বড় হার। অ্যাওয়ে মাঠে শেষ কয়েকটি ম্যাচে ধুঁকছে পিএসজি। অন্যদিকে বিশ্বকাপের পর চলা জয়রথ জারি রেখেছে মোনাকো।
হারলেও লিগের শীর্ষেই থাকছে পিএসজি। তবে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেইমার-এমবাপের সঙ্গে ব্যবধান কমিয়েছে মোনাকো। পিএসজি থেকে ৭ পয়েন্ট পিছিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে প্যারিসের ক্লাবটি। ১৪ ফেব্রুয়ারি রাতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে আমন্ত্রণ জানাবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। ইউরোপা লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে নামবে মোনাকো।