প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৪ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস ছুটে চলেছে রীতিমতো ঝড়ের বেগে। সামনে যে-ই পড়ছে, দুমড়ে মুচড়ে দিচ্ছে তাকেই। কোচ অস্কার ব্রুজনের শিষ্যদের সবশেষ শিকার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ নিজেদের মাঠে ৩-০ গোলে তাদের হারিয়েছে বসুন্ধরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবারের ম্যাচের শুরুতে অবশ্য বসুন্ধরা কিছুটা নড়বড়েই ছিল। শেখ জামাল ত্রাস ছড়াচ্ছিল, শুরুর আক্রমণটাও এসেছিল তাদেরই পক্ষে। তবে সময় যত গড়িয়েছে বসুন্ধরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে ততই।
৩৭ মিনিটে আসরর গফুরভের কল্যাণে গোলের প্রতীক্ষা শেষ হয় তাদের। সেই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অস্কার ব্রুজনের দল।
দ্বিতীয়ার্ধে শেখ জামাল ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছে বেশ। কিন্তু গোলের দেখা আর পায়নি। উল্টো ৬০ আর ৭৪ মিনিটে দুই গোল করে ডরিয়েলটন জয় নিশ্চিত করে ফেলেন বসুন্ধরার।
৩-০ ব্যবধানের এই জয়ের ফলে বসুন্ধরা ৯ ম্যাচের ৯টিতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। ২৭ পয়েন্ট নিয়ে তারা লিগের শীর্ষে তো আছেই, সঙ্গে চলে যাচ্ছে সবার ধরাছোঁয়ার বাইরেই। দুইয়ে থাকা আবাহনীর ঝুলিতে ৮ ম্যাচ শেষে জমা পড়েছে ১৮ পয়েন্ট।