প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৫ পিএম
২০২২ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’-এর জন্য তিন জনের নাম প্রকাশ করেছে ফিফা। কাতারে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সঙ্গে খেতাবের লড়াইয়ে আছেন ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা ও বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরার কিলিয়ান এমবাপ্পে।
শুক্রবার ফিফার দেওয়া তিন জনের সংক্ষিপ্ত তালিকার একজন হবেন বর্ষসেরা ফুটবলার। তিন জনের কে সেরা, তা জানা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি। প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ঘোষণা হবে বিজয়ীর নাম।
২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিচার করে শুরুতে ১৪ জন খেলোয়াড়কে মনোনীত করেছিল ফিফা। পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিকদের পাশাপাশি সংস্থার দেওয়া ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটের ভিত্তিতেই বর্ষসেরার লড়াইয়ের মূল তিন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিয়েছে ফিফা।
আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে দেওয়া মেসি থাকবেন পুরস্কারের দৌঁড়ে এগিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় পার করা বেনজেমাও আছেন অন্যতম দাবিদার হিসেবে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া এমবাপ্পে কাতারে ছিলেন আরও পরিণত, হয়েছেন আসরের সর্বোচ্চ গোলস্কোরার। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে দুর্দান্ত সময় পার করেছেন ২৪ বর্ষী তারকা। কে হবেন ২০২২ সালের সেরা ফুটবলার তা নির্ধারণ হতে যাচ্ছে চলতি মাসের শেষদিকে।