প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫ পিএম
জয় কিংবা হার; ম্যাচের ফল নিয়ে ভাবনা নেই প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রাখা সৌদির ক্লাব আল হিলালের। বরং দলটি রোমাঞ্চিত স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা নিয়ে। তবে আসরে যে দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে পা রেখেছে আল হিলাল। তাতে না চাইলেও প্রতিপক্ষ নিয়ে ভাবতেই হচ্ছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে। ফলে বছরের প্রথম ট্রফি জিততে চোট সমস্যা পুরোপুরি সেরে না উঠলেও আনচেলত্তি মাঠে নামাতে পারেন দলের কাণ্ডারি করিম বেনজেমাকে। তবে আল হিলালের লক্ষ্যটা ভিন্ন; শিরোপার বদলে রিয়ালকে চমকে দিতে চায় তারা। সেই সঙ্গে ইউরোপীয় ক্লাবগুলোর চোখে আঙুল দিয়ে দেখাতে চায় ফুটবলে সৌদির অগ্রগতি।
শিরোপার লড়াইয়ে আজ রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-আল হিলাল। ম্যাচটি হবে মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে।
কাতার বিশ্বকাপের আয়োজক হয়েই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্য। আসরে বাজিমাত করেছে সৌদি আরব। প্রথম ম্যাচেই তারা হারিয়েছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। টুর্নামেন্টে আর্জেন্টিনার ওটাই একমাত্র হার। এরপর চমক এসেছে আরও। সৌদির ক্লাবে খেলতে তারা উড়িয়ে এনেছে এ সময়ের সেরা ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তার জন্য রেকর্ড টাকা খরচ করতেও পিছপা হয়নি। ক্লাব ফুটবলের অগ্রগতির জন্য পেছন থেকে কাজ করছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ২০১৬ সালে ভিশন ২০৩০ উন্মোচন করেন তিনি। প্রকল্পটির লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করা। সেই সঙ্গে খেলাধুলা এবং বিনোদন শিল্পগুলোতে দৃষ্টিভঙ্গি দেওয়া। এরপরই বদলে যেতে থাকে সৌদির ফুটবল। যার প্রমাণ আল হিলালের প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রাখা।
আসরের ফাইনালে পা রাখতে আল হিলালের লড়তে হয়েছে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে। ম্যাচে ৩-২ গোলের জয়ে প্রথমবারের মতো ফাইনালে পা রেখেছে তারা। ওই ম্যাচে যেভাবে পারফর্ম করেছে আল হিলাল তাতে কোচ র্যামন দিয়াজ ম্যাচ শেষে বলেন, ‘ফ্ল্যামেঙ্গো আমাদের খেলোয়াড়দের দক্ষতা দেখে অবাক হয়েছিল। তারা আশা করেনি যে আমরা এত চমৎকারভাবে খেলব। আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করেছি এবং আমরা ফাইনালে যাওয়ার যোগ্য ছিলাম।’
ওই ম্যাচে জোড়া গোল করা সালেম আল-দোসাইরি ফাইনালের আগে হুঙ্কার দিয়েছেন রিয়াল মাদ্রিদকেও। তিনি বলেন, ‘আমরা শুধু অংশগ্রহণ করতে মরক্কো আসিনি। আমরা আমাদের ক্লাব এবং সৌদি আরবের নামকে জানাতে এসেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা চেষ্টা করব ট্রফিটি সৌদি আরবে নিয়ে আসার।’
অন্যদিকে মিসরের ক্লাব আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রেখেছে রিয়াল। ম্যাচে ফুটবলাররা দারুণ পারফর্ম করলেও ফাইনাল নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন আনচেলত্তিও। প্রতিপক্ষ নিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে ফাইনাল খেলব যারা আমাদের মতোই ভালো খেলে ফাইনালে এসেছে। তারা যোগ্য দল। আমাদের এই দলকে সম্মান করতে হবে। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে এবং যৌথভাবে ভালো খেলছে। তারা আমাদের বিপক্ষে ফাইনালে খেলার জন্য মুখিয়ে রয়েছে, আমরাও তাই। তবে আমরা আশাবাদী, কেননা আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা এই ধরনের চাপ খুব ভালোভাবে সামলাতে পারে।’
এ ম্যাচে দুদলই ৪-৩-৩ ফরমেশনে দল সাজাতে পারে। এ ছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে আল হিলালের হয়ে আজ মাঠে নামবেন মোহামেদ কন্নো। অন্যদিকে রিয়ালকে স্তব্ধ করতে পারে সালেম আল-দোসাইরির গতি।
অন্যদিকে কার্লো আনচেলত্তির দলে ফেরার সম্ভাবনা রয়েছে দানি কারভাহাল, মার্কো আসেনসিও ও করিম বেনজেমার।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ (৪-৩-৩) : লুনিন; কারভাহাল, রুডিগার, আলাবা, নাচো; কারোস, চেবালোস, মদ্রিচ; রদ্রিগো, বেনজেমা, ভিনিসিউস।
আল হিলালের সম্ভাব্য একাদশ (৪-৩-৩) : আল মুয়াইউফ; আব্দুলহামিদ, জাং, আল বোলেহি, আল দাওসারি; ক্যারিলো, কুয়েলার, আল দোসাইরি; কন্নো, ইঘালো, ভিয়েত্তো।