× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাদেজার দাপটে দ্বিতীয় দিনও ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪০ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫২ পিএম

জাদেজার দাপটে দ্বিতীয় দিনও ভারতের

দেড় বছর পর সেঞ্চুরি হাঁকিয়ে পথ দেখিয়েছিলেন রোহিত শর্মা। অধিনায়কের দেখানো পথে হেঁটেছেন রবিন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ভারত পেয়েছে ১৪৪ রানের লিড। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে বল হাতে দাপট দেখানো জাদেজা দ্বিতীয় দিনও নিজের করেছেন। এবার ব্যাট হাতে এনেছেন গুরুত্বপূর্ণ ফিফটি, আছেন শতকের পথে।

নাগপুরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩২১ রান। আগামীকাল ব্যক্তিগত ৬৬ রান থেকে সেঞ্চুরির পথে হাঁটবেন জাদেজা। ব্যাট হাতে ৫২ রান বাড়িয়ে নিতে নামবেন অক্ষর। শুক্রবার দিন শেষে অস্ট্রেলিয়ার ১৭৭ রান শোধ দিয়ে ভারত এগিয়ে আছে ১৪৪ রানে।

এদিন শুরুর দিকে টড মারফির শিকার হন অশ্বিন। লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর পূজারাকেও বেশি সময় টিকতে দেননি মারফি। পরে সময় গড়াতে থাকলে মারফি হয়েছেন আরও ধারালো। নাগপুরের টার্নিং ও নিচু হওয়া পিচে দাপট দেখিয়েছেন স্পিনাররা। প্রথম দিনে জাদেজা ও অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ধরতে পেরেছে পিচের গোমর। স্পিন সহায়ক উইকেটে টড মারফির হাতের প্যাঁচে ভারতীয় ব্যাটাররা সুবিধা করতে পারেননি। 

টপ অর্ডার, মিডল অর্ডারের ব্যর্থতার দিনে হাল ধরেন রোহিত। সামনে থেকে পথ দেখিয়ে অধিনায়ক রোহিত শর্মা তুলে নেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। ১২০ রানে কামিন্সের শিকার হয়ে রোহিত থামার পর মঞ্চের মূল চরিত্রে আসেন জাদেজা ও অক্ষর। মাঝে শ্রিকর ভারত করেন ৮ রান। এরপর অবিচ্ছিন্ন ৮২ রানের জুটিতে দিন পার করেন এই দুই ভারতীয় স্পিনার। দিনটাও নিজেদের করে নেয় ভারত।

এর আগে প্রথম দিনে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে থামিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। তবে শেষ বিকালের আক্ষেপ লোকেশ রাহুলের উইকেট। প্রথম দিন শেষে অজিদের থেকে ১০০ রানে পিছিয়ে স্বাগতিকরা। ভারতের সংগ্রহ ১ উইকেট খরচায় ৭৭ রান। ৫৬ রানে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন অশ্বিন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে রবীন্দ্র জাদেজা ও অশ্বিনের স্পিন ঘূর্ণিতে পড়ে অস্ট্রেলিয়া। বেসামাল অজি ব্যাটাররা প্রথম ইনিংসে থামে ১৭৭ রানে। ইনিংসে ৫ উইকেট শিকার করে অজিদের একাই ধসিয়ে দিয়েছেন জাদেজা। তাকে সঙ্গ দিয়েছেন অশ্বিন। তার শিকার ৩ উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান আসে মার্নাস লাবুশেনের ব্যাট থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা