প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম
টেবিলের শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে রংপুর রাইডার্সকে বড় লক্ষ্য ছুড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাস ও খুশদিল শাহের ব্যাটে ১৭৭ রান জমা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলতে ১২০ বলে ১৭৮ রান আনতে হবে নুরুল হাসানের দলকে।
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ভালো শুরু আনেন লিটন দাস। দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করেন রিজওয়ান। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন লিটন। তিনে ব্যাট করতে নামা সুনীল নারিন (৮) এবং চারে নামা ইমরুল কায়েস ফেরেন (১৯) রানে। ফিফটি থেকে তিন রান পেছনে ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান লিটনও।
পরবর্তীতে জাকের আলি এবং খুশদিল শাহ বড় জুটি গড়েন। তাদের ব্যাটে ভর করেই বড় রানের পথেই এগোতে থাকে কুমিল্লা। তাদের ৭২ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৩৪ রানে ফেরেন জাকের। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস থামে ১৭৭ রানে।
রংপুরের হয়ে দুটি উইকেট নেন আজমাতউল্লাহ ওমরজাই। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে লিটনকে ফেরান রাকিবুল হাসান। একটি করে উইকেট নিয়েছেন ৪৫ রান খরচ করা রিপন মণ্ডল ও ৪ ওভারে ৩১ রান দিয়ে জাকের আলীর উইকেট তুলেছেন হাসান মাহমুদ।
আসরে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। সমান ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছে রংপুর ও কুমিল্লা। নিজেদের ১২তম ম্যাচে বিজয়ী দল থাকবে শীর্ষ দুই নম্বর অবস্থানে।