প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত শর্মা এমন একটি রেকর্ড গড়লেন যা ভারতের আর কোনো ক্রিকেটারের নেই। বিশ্ব ক্রিকেটেও আছে মাত্র তিন জনের—পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ও দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু’প্লেসির। অধিনায়ক হিসেবে এই চার জন পেয়েছেন তিন ফরম্যাটের শতক। রোহিতের রেকর্ড গড়া সেঞ্চুরিতে লিডও যোগ করেছে ভারত।
বর্ডার-গাভাস্কার ট্রফ্রিতে নাগপুরের টার্নিং ও নিচু হওয়া পিচে দাপট দেখাচ্ছেন স্পিনাররা। টেস্টের প্রথম দিনে রবীন্দ্র জাদেজা ও অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ধরতে পেরেছে পিচের গোমর। স্পিন সহায়ক উইকেটে টড মারফির হাতের প্যাঁচে ভারতীয় ব্যাটাররা সুবিধা করতে পারছেন না। তবে ব্যতিক্রম হিসেবে দলকে সামনে থেকে পথ দেখাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ সেশনের আগে তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। দেড় বছর পর এটি তার টেস্টে শতক।
তিন ফরম্যাট মিলিয়ে ভারতের অধিনায়কের এটি ৪৩তম আন্তর্জাতিক সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২২৬ রান। ২০৭ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১১৮ রানে ব্যাট করছে হিটম্যান রোহিত। তাকে সঙ্গ দিয়ে ষষ্ঠ উইকেটে ৫৮ রান যোগ করেছে রবীন্দ্র জাদেজা। ডানহাতি অলরাউন্ডার ব্যাট করছেন ৩৪ রানে। অজিদের ছোড়া ১৭৭ রান শোধ দিয়ে ভারত এগিয়ে আছে ৫০ রানে।
দ্বিতীয় দিনে টড মারফির দ্বিতীয় শিকার হন অশ্বিন। লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর পূজারাকেও বেশি সময় টিকতে দেননি মারফি। প্রথম দিনে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে থামিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। তবে শেষ বিকালের আক্ষেপ লোকেশ রাহুলের উইকেট। প্রথম দিন শেষে অজিদের থেকে ১০০ রানে পিছিয়ে স্বাগতিকরা। ভারতের সংগ্রহ ১ উইকেট খরচায় ৭৭ রান। ৫৬ রানে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন অশ্বিন।
এর আগে রবীন্দ্র জাদেজা ও অশ্বিনের স্পিন ঘূর্ণিতে বেসামাল অজি ব্যাটাররা থেমেছে ১৭৭ রানে। ইনিংসে ৫ উইকেট শিকার করে অজিদের একায় ধসিয়ে দিয়েছেন জাদেজা। তাকে সঙ্গ দিয়েছেন অশ্বিন। তার শিকার ৩ উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান আসে মার্নাস লাবুশেনের ব্যাট থেকে।