প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০২ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১১ পিএম
অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে যখন বোল্ড করে উল্লাসে মেতে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন, ততক্ষণে ক্যারিয়ারে তার নামের পাশে যুক্ত হয়ে গেছে ৪৫০ উইকেট। ভারতের স্পিনার ছুঁয়ে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি অনিল কুম্বলে ও শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে সাড়ে চারশর ক্লাবে ঢুকেছেন অশ্বিন।
নাগপুরে রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগ দিয়ে ধসিয়ে দিয়েছেন সফরকারীদের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ৪৪ রানে তুলেছেন ৩ উইকেট। ৩৬-বর্ষী অশ্বিন ৮৮তম টেস্টে পৌঁছেছেন এই কীর্তিতে। সাবেক লঙ্কান অফস্পিনার মুরালিধরন ৮০ ম্যাচে গড়েছিলেন এই রেকর্ড। ডানহাতি অশ্বিন দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এ মাইলফলক ছুঁয়েছেন।
আরও কয়েকটি কীর্তি গড়েছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তালিকায় এক নম্বরে রয়েছেন অনিল কুম্বলে। তিনি ১৩২ টেস্টে ২.৬৯ ইকোনমি রেট এবং ২৯.৬৫ গড়ে ৬১৯ উইকেট নিয়েছেন। অশ্বিনের পরে আছেন কপিল দেব (৪৩৪), হরভজন সিং (৪১৭) এবং ইশান্ত শর্মা (৩১১)।
টেস্ট ক্রিকেটে নবম সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র নয়জন বোলার আছেন যারা ৪৫০ উইকেটের সীমা অতিক্রম করতে পেরেছেন। তালিকায় রয়েছেন মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৭৫), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৫৬৬), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং নাথান লায়ন (৪৬০)।