প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭ পিএম
ঢাকায় এখনও এসে পৌঁছাননি। কিন্তু তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই কাজ শুরু করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন তিনি। দলে তাদের ভূমিকা নিয়ে আলাপ সেরেছেন। কোচ হাথুরু সম্পর্কে সর্বশেষ এই তথ্যটি জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
গতকাল বুধবার রাজধানীতে একটি প্রমোশনাল অনুষ্ঠানে তাসকিন আহমেদ এ তথ্য জানান। ফের চন্ডিকা হাথুরুসিংহের কোচ হয়ে আসা নিয়ে তাসকিন বেশ রোমাঞ্চিত। এই কোচের অধীনেই তাসকিনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৪ সালে।
নতুন কোচ প্রসঙ্গে তাসকিন বলছিলেন, ‘আমি রোমাঞ্চিত আমাদের সেই আগের কোচ হাথুরুসিংহে ফের আসছেন। উনি যথেষ্ট ভালো মানের কোচ ও সৎ মানুষ। নিশ্চিতভাবে তার অধীনে আমাদের ভালো হবে। তার প্রথম মেয়াদের সময় তখন যারা আমরা তরুণ ছিলাম তারা এখন একটু ম্যাচিউর। আন্তর্জাতিক অঙ্গনে দলের অবস্থান আরও ভালো।’
চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এ দফা ক্রিকেটারদের কথাবার্তা প্রসঙ্গে তাসকিন জানান, ‘উনার সঙ্গে সবার কথা হয়েছে। সবার সঙ্গেই যোগাযোগ করেছে। পরিকল্পনা শেয়ার করে বোলারদের কী ভূমিকা, ব্যাটারদের কী ভূমিকা তা জানিয়েছে। উনি দেশে এসে দায়িত্ব নেওয়ার পর এসব বিষয়ে বিস্তারিত কথাবার্তা হবে।’
প্রথম মেয়াদে স্পিন আক্রমণকে মূল ভরসা বানানো হাথুরুসিংহে নতুন মেয়াদে সেই কাজই করবেন কি না সেটা জানা যায়নি। ঢাকায় আসার পরই তা নিশ্চিত হওয়া যাবে জানিয়ে ডানহাতি পেসার বলেন, ‘এখনও তো আসেনি। দেখি মিটিং করলে বুঝতে পারব। আশা করছি পেসাররাও খেলবে ইনশাআল্লাহ।’
চন্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ। এই সিরিজে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর তাসকিনÑ ‘সব সংস্করণেই ইংল্যান্ড বড় দল, শক্তিশালী দল। তবে বিশ্বাস আছে ঘরের মাটিতে আমরাও অন্যতম শক্তিশালী দল। লড়াই হবে ইনশাআল্লাহ এবং আমরা সেরাটাই দেব। সন্দেহ নেই ওরা বিশ্বমানের। আমি মনে করি আমরাও (বিশ্বমানের)। আমাদেরকে ছোট করছি না, কারণ দেশের বাইরেও বড় দলের সঙ্গে আমরা ম্যাচ জিতেছি এবং সবাই পরীক্ষিত।’
ইংল্যান্ড সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন তাসকিন। আশা করছেন ইনজুরি কাটিয়ে দ্রুতই বোলিং রানআপে ফিরবেনÑ ‘আমার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু হয়েছে, সকালে ট্রেনিং করে আসছি। চিকিৎসকের পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি।। আশা করছি খুব দ্রুত শর্ট রানআপে বোলিং শুরু করব।’
সর্বশেষ ২০১৬ সালে এই চন্ডিকা হাথুরুসিংহের অধীনেই ইংল্যান্ডকে আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। সে দফায় টেস্ট সিরিজ ১-১ ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে হারলেও মিরপুরে ইংল্যান্ডকে হারিয়েছিল।
এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে কি চমক দেখাতে পারবে বাংলাদেশ?