× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনে ব্যাট করে ব্র্যাথওয়েট-তেজনারায়ণের বিশ্বরেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪০ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৮ পিএম

পাঁচ দিনে ব্যাট করে ব্র্যাথওয়েট-তেজনারায়ণের বিশ্বরেকর্ড

বুলাওয়ে টেস্টে নজর দিয়েছেন খুব কম ক্রিকেটপ্রেমী। কারণটা তো সবার জানা। ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের লড়াই বলে আগ্রহ ছিল অনেক কম। তবে অনেক ক্রিকেট অনুরাগীর চোখে সেই সাদা-মাটা টেস্ট ম্যাচটাই নজর কাড়ল। অনন্য এক বিশ্বরেকর্ডের সাক্ষী হলো দুদলের লড়াইটা।

১৪৬ বছরের বর্ণাঢ্য টেস্ট ইতিহাসে মাঠে গড়িয়েছে ২ হাজার ৪৮৯ ম্যাচ। এতদিন যে রেকর্ড গড়তে পারেননি কেউ। সেই বিরল কীর্তি করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন ব্যাট হাতে মাঠে নামতেই ইতিহাস গড়ে ফেলেন দুজনে। কোনো এক টেস্টের পাঁচ দিনই ব্যাট করা প্রথম জুটি যে তারাই।

বৃষ্টির বাগড়ায় প্রথম দিন খেলা হয় মাত্র ৫১ ওভার। টস জিতে ব্যাট করতে নেমে ব্র্যাথওয়েট-তেজনারায়ণ অপরাজিত থাকেন ৫৫ রানে। দ্বিতীয় দিনও ছিল এক চিত্রনাট্য। বৃষ্টি হানায় ফের খেলায় ব্যাঘাত ঘটে। দুই ক্যারিবিয়ান ওপেনার অপরাজিত থাকেন সেঞ্চুরি হাঁকিয়ে।

তৃতীয় দিন এসে ব্র্যাথওয়েট সাজঘরে ফেরেন ১৮২ রান নিয়ে। তেজনারায়ণ ডাবল সেঞ্চুরির (২০৭) দেখা পেয়েও থেকে যান অপরাজিত। চতুর্থ দিন জিম্বাবুয়ে প্রথম ইনিংস ঘোষণা করলে দিনের শেষদিকে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থেকে যান ব্র্যাথওয়েট-তেজনারায়ণ। পরে পঞ্চম দিনের খেলাও তারাই শুরু করেন। এতেই দুজনে গড়ে ফেলেন নতুন মাইলফলক।

ব্র্যাথওয়েট-তেজনারায়ণের আগে এক টেস্টের পাঁচ দিন ব্যাটিং করার কীর্তি গড়েছেন আরও ১০ জন। তবে জুটি হিসেবে তারাই প্রথম এমন অতুলনীয় কৃতিত্বের দাবিদার বনে গেলেন।

ম্যাচের প্রথম তিন ইনিংসই ডিক্লেয়ার করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দুটি ইনিংসই (৪৪৭/৬ ডি. ও ২০৩/৫ ডি.) ঘোষণা করেছে। আর জিম্বাবুয়ে ঘোষণা করে তাদের প্রথম ইনিংস (৩৭৯/৯ ডি.)। কোনো টেস্টের তিন ইনিংস ঘোষণা হলো এ নিয়ে সপ্তম বারের মতো। আগের ছয় টেস্ট থেকে গেছে অমীমাংসিত। এবার বুলাওয়ে টেস্টের ভাগ্যে জুটল একই ফল। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতেই ড্র মেনে নেয় দুদল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা