জানালেন বিসিবি প্রধান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৪ পিএম
ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। আইরিশদের ওই সফরের একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৪ এপ্রিল। এরপরেই ফিরতি সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। এর মাঝেই শুরু হবে আইপিএলের এবারের আসর। জাতীয় দলের সফর চলাকালীন আইপিএলে খেলতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটাররা।
মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও লিটন দাস। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। তবে টুর্নামেন্টের শুরু থেকে তাদেরকে পাওয়া পাবে না ফ্র্যাঞ্চাইজি দুটি। বিষয়টি নিয়ে পাপন বলেন, ‘এই রকম কোনো পরিকল্পনা আমাদের নেই। ন্যাশনাল টিমের খেলা বাদ দিয়ে অন্য কিছু খেলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এটা ওদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে।’
এদিকে পুরো বিপিএলে ডিআরএসের বিকল্প হিসেবে এডিআরএস ব্যবহার করেছে বিসিবি। সেটার স্বচ্ছতা নিয়েও উঠেছে প্রশ্ন। বিপিএলের প্লে অফে অবশ্য সেই সুযোগ থাকছে না। তখন ডিআরএস থাকবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি, ‘আমাদের তো বুকিং দেওয়া আছে, সো ডেফিনিটলি আসবে। তার মানে এখন পর্যন্ত আসার কথা।’