প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১২ পিএম
গত বছরই পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাজেনারিন চন্দরপলের। অভিষেকেই অর্ধশতক হাঁকিয়ে জানান দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আগামী দিনের টেস্ট তারকা তিনি। ক্রিকেটটা যে তার রক্তে মিশে আছে, সেটা বোঝাতে সময় নিয়েছেন মাত্র তিন টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপলের ছেলে তাজেনারিন চন্দরপল। আর তাতেই ছাড়িয়ে গেছেন বাবাকে।
এদিন প্রথম ইনিংসে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন তিনি। জুটি গড়েন ৩৩৬ রানের। বুঝতেই দেননি মাত্র তিন নম্বর টেস্ট খেলতে মাঠে নেমেছেন তিনি। ব্রাথওয়েট ৩১২ বল থেকে ১৮২ রানে ফিরলেও তিনি ছিলেন অবিচল। প্রায় ৬০০ মিনিট ক্রিজে থেকে মোকাবিলা করেছেন ৪৬৭টি বল। পারফেক্ট টেস্ট ব্যাটসম্যান যাকে বলে আর-কী। ৪৪ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপরও তাকে থামানো যায়নি। ২০৭ রানে অপরাজিত থেকে ৬ উইকেট খরচায় ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তার দল।
বাবার মতো তাজেনারিনও ব্যাট করেন বাঁ হাতে। ক্রিকেটীয় শটেও অনেকে বাবার সঙ্গে মিল খুঁজে পান তার। যেভাবে শুরুটা করেছেন তাতে একদিন হয়তো বাবাকে ছুঁয়ে যাবেন তিনি। তবে, সেজন্য যেতে হবে বহুদূর। কেননা, ক্যারিবীয়দের জার্সিতে ১৬৪টি টেস্ট ম্যাচে মাঠে নেমে ১১ হাজার ৮৬৭ রান করেছেন শিবনারায়ণ। সঙ্গে তার নামের পাশে রয়েছে ৩০টি টেস্ট সেঞ্চুরি। তবে প্রথম সেঞ্চুরিতে কিংবদন্তি ক্রিকেটার বাবাকে টপকে গিয়েছেন তিনি। শিবনারায়ণ চন্দরপলের ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংসটি ছিল অপরাজিত ২০৩ রানের। অন্যদিকে তার ছেলে এদিন ২০৭ রানে অপরাজিত থাকেন।