প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫১ পিএম
আর্থিক অনিয়ম করে ধরা খেয়েছে ম্যানচেস্টার সিটি। নিয়ম ভেঙে কোচ পেপ গার্দিওলার দল রীতিমতো সেঞ্চুরি করে ফেলেছে। তবে ১০০ বারেরও বেশি আর্থিক নিয়ম অবশ্য তারা এক বছরে ভাঙেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের এ জায়ান্ট ক্লাবটির এ জন্য লেগেছে ৯ বছরেরও বেশি সময়।
২০০৯ থেকে আর্থিক অনিয়ম করে যাচ্ছে ম্যানসিটি। তাদের নিয়ম ভাঙার পর্বটা চলেছে ২০১৮ সাল পর্যন্ত। চার বছরের দীর্ঘ তদন্ত শেষে বেড়িয়ে এসেছে এই ভয়ানক তথ্য। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, এই সময়টাতে ম্যানসিটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে তিনবার। ভক্তরা কিছুতেই চাইবে না, তাদের শ্রেষ্ঠত্বে সেই অনিয়মের আঁচ না লাগুক।
কোচদের বেতনবাবদ ম্যানসিটি যে খরচ করেছে। ক্লাব কর্তৃপক্ষ সেটা সঠিকভাবে জানায়নি। কোচদের পিছনে যে খরচ করেছে তারা। কাগজ-পত্রে তার চেয়ে অনেক কম দেখিয়েছে ক্লাবটি। ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আরও অনেক আর্থিক খরচ দেখানোর বেলায় নয়-ছয় করেছে। তদন্ত করতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল।
প্রিমিয়ার লিগের নিয়ম বলছে, যে অপরাধ করেছে ম্যানসিটি। তাতে করে পয়েন্ট কাটা হতে পারে তাদের। যেমনটা কিছু দিন আগে কাটা হয়েছে জুভেন্টাসের। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি এবার লিগ থেকে হারিয়েছে ১৫ পয়েন্ট। এমনকি প্রিমিয়ার লিগ থেকে বের করে দেয়াও হতে পারে ম্যানসিটিকে। যদিও সেই শাস্তিটা একটু বেশিই হয়ে যাবে।