প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৪ পিএম
এই আফ্রিদিকে দেখলে তাজ্জব বনে যেতে পারেন। সেই স্টাইল, ঠিক সেভাবেই ব্যাট চালানো, মাঠের সেই আগ্রাসন। উইকেটের সামনে শহীদ আফ্রিদিকে দেখে প্রশ্ন তুলতেই পারেন—আদৌ কি তার বয়স ৪৬ বছর! মনে হতে পারে তাগড়া যুবক।
বয়স পঞ্চাশের কোটা ছুঁইছুঁই হলেও ব্যাট হাতে এখনও সবুজ বুম বুম খ্যাত আফ্রিদি। শনিবার মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে শাহিন শাহ আফ্রিদির বিয়ে শেষে পাকিস্তানের সাবেক অধিনায়ক ফিরে গেছেন কোয়েটাতে। সেখানেই বর্তমান পিসিবি নির্বাচক অংশ নিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে। নবাব আকবর খান বুগতি ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার প্রদর্শনী ম্যাচে খেলেছেন আফ্রিদি।
সেখানেই ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার। বিস্ফোরক ব্যাটিংয়ে ১৭ বলে আনেন ২৫ রান। যেন ঘড়ির কাঁটা পেছন দিকে ঘুরিয়ে দিয়েছিলেন আফ্রিদি। সাবেক তারকা অলরাউন্ডারের ধুন্দুমার ব্যাটিংয়ে পুরনো আফ্রিদিকে খুঁজে পেয়েছেন ভক্ত-সমর্থকরা।