× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্টারের জয়ের নায়ক মার্তিনেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৯ পিএম

 ইন্টারের জয়ের নায়ক মার্তিনেজ

দুই নগরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা। তাতে বাড়তি উত্তেজনা আর উন্মাদনা থাকা স্বাভাবিক। হোক না সেটা ইন্টার মিলান ও এসি মিলানের ম্যাচ। লড়াইয়ের আগে হাইভোল্টেজ ম্যাচের উত্তাপটা টের পেয়েছেন ভক্ত-সমর্থকরা। অনুরাগীদের প্রেরণায় উজ্জীবিত হয়েই মাঠে নামে ইন্টার। আর এসি মিলান সেই রুদ্ধশ্বাস ম্যাচের স্নায়ুচাপে রীতিমতো নুইয়ে পড়ে মাঠে। ম্যাচের ফলতো সেটাই বলছে। মিলান ডার্বিতে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে ধরাশায়ী হয়েছে এসি মিলান।

ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকে ইন্টার। আক্রমণ-পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করে ফেলে মিলান শিবিরকে। ময়দানের লড়াইয়ে ঠিক উল্টো চিত্র ফুটিয়ে তুলে কোচ স্তেফানো পিওলির শিষ্যরা। আক্রমণ আর বল দখল কোথাও নিজেদের মেলে ধরতে পারেনি। যে কারণে অচেনা মিলানকে হারিয়ে দিতে লাউতারো মার্তিনেজের গোলই যথেষ্ট ছিল। ম্যাচের ৩৪ মিনিটেই আর্জেন্টাইন এই তারকা ইন্টারকে এগিয়ে নেন। মিলানের সাবেক মিডফিল্ডার হাকান কালহাননোগ্লুর নেয়া কর্নার থেকে উঠে আসা বলে মাথা ছোঁয়াতেই গোলের দেখা পান আর্জেন্টাইন এ তারকা। তার গোলের পর আর কোনো গোল হয়নি ম্যাচে। ফলে মার্তিনেজই হয়ে আছেন ম্যাচের জয়ের নায়ক। 

আরও দুটি গোল পেয়েছিল ইন্টার। কিন্তু দুটি গোলই বাতিল হয়ে গেছে। ম্যালিক থিয়াউকে ফাউল করার কারণে বাতিল হয়ে যায় বদলি হিসেবে নামা রোমেলু লুকাকুর গোল। পরে মার্তিজের প্রচেষ্টা নষ্ট হয়ে যায় অফসাইডের কারণে।

এ জয়ে পুরনো একটি হিসাবও চুকিয়ে ফেলেছে ইন্টার। ইতালিয়ান সিরি এ’র এবারের মৌসুমে নিজেদের মধ্যে প্রথম দেখাতেই হারের তেতো স্বাদ হজম করেছিল ইন্টার। সেপ্টেম্বরের সেই পাঁচ গোলের থ্রিলার ম্যাচে ৩-২ গোলে জয়ের উল্লাসে মেতেছিল মিলান। সান সিরোতে লিগ ম্যাচের সেই হারের মধুর প্রতিশোধই নিল এবার কোচ সিমোনে ইনজাঘির দল।

গত বছরের শোধটা অবশ্য আগেই তুলেছিল ইন্টার। সেটা গত জানুয়ারিতেই। ইতালিয়ান সুপার কাপে। মিলানকে তারা উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। সেই ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা মার্তিনেজ। তবে লিগের শোধটা কি সুপার কাপে নিলে চলে? দুধের স্বাদটা ঘোলে মিটিয়েও ঠিক যেন পুষাচ্ছিল না ইন্টারের। তাই তো এবার প্রতিশোধটা লিগেই নিয়ে ছাড়ল তারা।

এ জয়ের পরও সিরি এ লিডার্স নাপোলি থেকে ১৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার। আর ৩৮ পয়েন্ট নিয়ে মিলান নেমে গেছে ষষ্ঠ স্থানে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা