প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪১ পিএম
পিসিবির বাধ্যবাধকতা থাকায় বিপিএলের লিগ পর্ব শেষ হওয়ার আগেই পাকিস্তানে ফিরেছিলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে আবারও তাদেরকে মাঠে দেখা যাবে। বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে ঢাকায় আসবেন আমির ও ইমাদ। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ।
বিষয়টি ঘোষণা দেওয়ার আগে দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান সাংবাদিকদের জানান ‘বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। একটি ম্যাচ খেলতে আমির ও ইমাদ আসবে।’ দলটির হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবেন তারা।
তারা আবারও ফিরে গেলে প্লে অফের জন্য নতুন কাউকে চুক্তিবদ্ধ করা হচ্ছে কিনা সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তুষার ইমরান। তিনি বলেন, ‘বোলিং শক্তিশালী করতে বিদেশি বোলার দলে ভেড়ানোর চিন্তা ভাবনা চলছে।’ ব্যাটিংয়ে বাংলাদেশিদের উপরই ভরসা রাখতে চান। সিলেটের ব্যাটিং লাইন আপে বড় ভূমিকা রাখছেন নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান ও মুশফিকুর রহিমরা। তাদের উপরই প্লে অফে ভরসা রাখবে দলটি।