× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটপাড়ায় বিয়ের ধুম

শান্ত রিমন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৬ পিএম

ক্রিকেটপাড়ায় বিয়ের ধুম

বছরজুড়েই বিয়ে লেগে থাকলেও কোনো এক অজানা কারণে শীত এলেই যেন বিয়ের ধুম পড়ে। নতুন বছরের শুরুতেই বিবাহ অভিযানে নেমে পড়েন অনেকেই। নতুন জীবন শুরু করতে এ মৌসুমকেই পছন্দের শীর্ষে রাখেন অনেকেই। সঙ্গীকে কাছে টানায়ও এ মৌসুমই সেরা। অন্য সবার মতো পিছিয়ে নেই ক্রিকেটাঙ্গনের তারকারাও। এই শীতে বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিকেটাঙ্গনের একঝাঁক তারকা। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল; অন্যদিকে পাকিস্তানের হারিস রউফ, শান মাসুদ, শাদাব খানের সঙ্গে সবশেষ নাম শাহীন শাহ আফ্রিদির।

তারকাদের এই সিজনকে বেছে নেওয়ার কারণ অবশ্য আর সবার থেকে ভিন্ন। কেননা এই সিজনে আন্তর্জাতিক ক্রিকেট কিছুটা কম থাকে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থাকলেও ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে এই মৌসুমকেই বেছে নিতে দেখা যায়। এই যেমন গত মাসেই ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজে ছুটি নিয়ে বিয়ে করেছেন রাহুল ও অক্ষর।

রাহুল তার দীর্ঘদিনের বান্ধবী বলিউড অভিনেত্রী আথিয়া শেঠিকে বিয়ে করেছেন গত ২৩ জানুয়ারি। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে তাদের বিয়ের ছবি। ছবিতে তারা স্মরণ করিয়ে দিয়েছেন আলিয়া-রণবীরের বিয়েকে। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন সারলেও তারকা অভিনেতা সুনীল শেঠির মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছিলেন তারকা অঙ্গনের অনেকেই। জানা যায়, এই দম্পতির বিয়েতে ৮০ লাখ টাকা মূল্যের বাইক উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাটের উপহার ২.১৭ কোটি টাকা মূল্যের বিএমডব্লিড গাড়ি। সালমান খানের উপহার ১.৬৪ কোটি টাকার অডি গাড়ি। আর পাত্রীর বাবা তার মেয়ের জামাইকে উপহার দিয়েছেন ৫০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট।

রাহুলের তিন দিন পর বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটের আরেক তারকা অক্ষর প্যাটেল। দীর্ঘদিনের প্রেমিকা মেহা প্যাটেলকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই।

তবে বিয়ের তোড়জোড় ভারতের চেয়ে পাকিস্তানেই বেশি। এই মৌসুমে এখন পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছেন চার ক্রিকেটার। সবার আগে বিয়ে করেছেন পাকিস্তানের অন্যতম পেসার হারিস রউফ। গত ২৪ ডিসেম্বর বিয়ে করেন ২৯ বছর বয়সি এই পেসার। সাবেক সহপাঠী মুনজা মাসুদকে বিয়ের জন্য বেছে নিয়েছেন চোটের সময়কে। নিউজিল্যান্ডের বিপক্ষে চোটের কারণে দলে থাকতে পারেননি তিনি। ওই ফাঁকেই বিয়ে করেছেন তিনি।

এরপর গত ২১ জানুয়ারি বিয়ে করেছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান শান মাসুদ। পোশোয়ারের কনে নিশে খানকে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেন তিনি। তার বিয়ের অনুষ্ঠানে তারার হাট বসেছিল।

সেই বিয়ের রেশ কাটতে না কাটতে বিয়ে করেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। গত ২৩ জানুয়ারি বিয়ে করেন তিনি। পাত্রী হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সাকলায়েন মুশতাকের মেয়েকে। বিয়ের কথা বলতে গিয়ে শ্বশুরকে ভাই বলে টুইটারে শাদাব লেখেন, ‘আমি আমার মেন্টর সাকি ভাইয়ের পরিবারের সদস্য হতে যাচ্ছি।’ তবে বিয়ে নিয়ে খুব একটা ঢাকঢোল পেটাননি তিনি। পারিবারিকভাবেই বিয়ের কাজ সম্পন্ন করেছেন এই তারকা।

বিয়ের বাজারে শেষ নামটি পাকিস্তানি ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদির। গত শুক্রবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির কন্যা আনশা আফ্রিদিকে বিয়ে করেন তিনি। তাদের নিয়ে মজার গল্পও প্রচলিত আছে। সেই গল্পে বলা হয়, শহীদ আফ্রিদির কাছে ছক্কা খেয়েই নাকি তার মেয়েকে পটিয়ে ছিলেন তিনি। তবে গত দুই বছর আগেই তাদের বিয়ের পাকা কথা হয়েছিল। নানা কারণে বিয়ে করা হয়ে উঠছিল না। গত শুক্রবার বাজল সানাই, আনন্দে মাতল দুই পরিবার!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা