প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৩ পিএম
ক্রিকেটেও পড়েছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব। চলতি বছর এশিয়া কাপের আসর বসার কথা ছিল পাকিস্তানের মাটিতে। তবে দেশটিতে খেলার ব্যাপারে রাজি নয় ভারত। সেই কারণে এশিয়া কাপের ভেন্যু নিয়েই সৃষ্টি হয়েছে সংশয়। শনিবার বাহরাইনে আলোচনায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য দেশগুলো।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, আগামী মার্চে এশিয়া কাপের ভেন্যু নির্ধারিত হবে। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ না হলে বিকল্প ভেন্যু হিসেবে আবারও সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হতে পারে বলে খবর। তালিকায় রয়েছে কাতারের নামও।
শনিবারের আলোচনা শেষে এসিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানা যায়, বৈঠকে ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে কার্যনির্বাহী বোর্ড সব ব্যাপারে একমত পোষণ করেছে। আগামী মার্চে এসিসি কার্যনির্বাহী বোর্ডের পরের বৈঠকের পর আশিয়া কাপ নিয়ে সর্বশেষ ও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।