প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৬ পিএম
পুরো ম্যাচে ছিল টেবিলের অবস্থানের ছাঁয়া। ১০ নম্বরের ম্যালোর্কার বিপক্ষে শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দুই নম্বরের রিয়াল মাদ্রিদ দেখাল আধিপত্য। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—সব বিভাগে দাপট দেখিয়েও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। উল্টো পেনাল্টি থেকে গোল না আসার আক্ষেপ জুড়েছে। শেষ পর্যন্ত নিজেদের জালে জড়িয়ে দেওয়া নাচো ফের্নান্দেসের প্রথমার্ধের গোলই গড়ে দিয়েছে ম্যাচের জয়-পরাজয়।
লা লিগায় প্রতিপক্ষের স্টেডিয়ামে দাপুটে ছিল বর্তমান লিগ চ্যাম্পিয়ন দল। কিন্তু শুরুতেই হোঁচট খেতে হয় রিয়ালকে। লাফিয়ে ওঠা নাচো বল ক্লিয়ার করতে গিয়ে জড়িয়ে দেন নিজেদের গোলে। খেলার ১৩ মিনিটে পিছিয়ে পড়া রিয়াল পরে আক্রমণের ধার বাড়িয়ে নেয়। কয়েকবার সুযোগও আনে, কিন্তু নিজেদের ভুলে বল জালে জড়াচ্ছিল না। আক্ষেপের মাত্রা ম্যাচের সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
৭৪ শতাংশ বল দখলে রাখা রিয়াল ২০টি শটের একটি রাখতে পারে গোলমুখে। বিপরীতে স্বাগতিক দল ৫টি শটের একটি রাখে লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে মার্কো অ্যাসেনসিওর নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ম্যালোর্কার সার্বিয়ান গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচ। রাজকোভিচের নায়ক বনে যাওয়া দিনে রক্ষণের দুর্দান্ত ছিল গঞ্জালেস, রাইলোরা। নির্ধারিত সময় পেরিয়ে খেলা অতিরিক্ত ৭ মিনিট চললেও হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
আক্ষেপের রাতে টেবিলের অবস্থান পরিবর্তন না হলেও ব্যবধান বাড়ল শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাব। এক ম্যাচ বেশি খেলা রিয়াল আছে ৫ পয়েন্ট পেছনে। চমক দেওয়া ম্যালোর্কা ২৯ পয়েন্ট নিয়ে সেরা দশেই থাকছে।