প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৪ পিএম
দুর্দান্ত এক সময় পার করছেন পাকিস্তান মিডল অর্ডার ব্যাটার ইফতিখার আহমেদ। প্রতিপক্ষের বোলারদের জন্য হয়ে ওঠছেন আতঙ্কের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে উড়ে গেছেন পিএসএল খেলতে। আসর অবশ্য শুরু হয়নি এখনও। তবে তার আগেই ২২ গজে ঝড় তুলেছেন তিনি। হুংকার দিয়ে রেখেছেন পাকিস্তান বোলারদের।
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে খেলবেন এবার। পিএসএল শুরুর আগে প্রদর্শনী ম্যাচে পেশাওয়ার জালমির বিপক্ষে ওয়াহাব রিয়াজের এক ওভারে ছয়টি ছয় মারেন ইফতিখার। কোয়েটার ইনিংসের শেষ ওভারে তিনি এই ঝড় তোলেন তিনি।
এদিন পেশাওয়ার অধিনায়ক বাবর আজম টস জিতে ফিল্ডিং নেন। ওয়াহাব তার দ্বিতীয় ওভারে আহসান আলী ও উমর আকমলকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন। কিন্তু ইফতিখার শেষ ওভারে চড়াও হন নতুন মন্ত্রী পদ পাওয়া ওয়াহাব রিয়াজের ওপর। ৫০ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এদিন ৪২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ইফতিখার। বাকি রান করেন আর ৮ বল খেলে। তার ব্যাটে ভর করে ১৮৪ রান তোলে কোয়েটা।
এর আগে বিপিএলে তিন হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিতে ৩৪৭ রান করেছিলেন ইফতিখার, স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৯। প্রদর্শনী ম্যাচেও একই রূপে ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। আগামী ১৩ ফেব্রুয়ারি মুলতান সুলতান্স ও লাহোর কালান্দার্সের ম্যাচ দেয় পর্দা উঠছে পিএসএলের।