প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৭ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম
বিপিএল মাতিয়ে সদ্য নিজ দেশ পাকিস্তানে ফিরে গিয়েছেন তরুণ পেসার নাসিম শাহ। সেখানে গিয়েই বনে গিয়েছেন পুলিশ অফিসার। বেলুচিস্তান পুলিশের ভাবমূর্তি প্রচারের জন্য শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। সেই ছবি সামনে আসতেই তার হাতে গ্রেপ্তার হওয়ার জন্য ওঠেপড়ে লেগেছেন তার নারী ভক্তরা।
শনিবার তরুণ পেসারকে সম্মাননা প্রদান করে বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক। এ সময় দেশের বৃহত্তম প্রদেশের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডেপুটি সুপারিনটেনডেন্টের ইউনিফর্ম পরে নাসিম অনুষ্ঠানে তার মতামত জানান। তিনি সম্মানের জন্য বেলুচিস্তান পুলিশকে ধন্যবাদ জানিয়ে তার বক্তৃতা শুরু করেন এবং তার শৈশবের স্মৃতিচারণ করেন।
এ সময় কথা বলতে গিয়ে তিনি পুলিশকে ভয় পাওয়ার কথা প্রকাশ করেছিলেন। নাসিম বলেন, ‘তার বাবা-মা পুলিশকে উল্লেখ করে তাকে ভয় দেখাতেন। এরপর তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগের প্রশংসা করে বলেন, তারা জনসাধারণের জন্য তাদের জীবন ঝুঁকিতে ফেলেছে।
পুলিশের প্রতি অগাধ শ্রদ্ধা রেখে, তিনি বেলুচিস্তান পুলিশ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর ক্রিকেটার।
অনুষ্ঠানে ইউনিফর্ম পরে অংশগ্রহণ করা সেই ছবি প্রকাশ করেছে বেলুচিস্তান পুলিশ। যেখানে কমেন্ট করেছে তার অসংখ্য ভক্ত। যারা তার হাতে গ্রেপ্তার হতে চান বলেও মজা করে কমেন্ট করেছেন।
উল্লেখ্য, এর আগে গত বছর কেপি পুলিশ শাহীন শাহ আফ্রিদিকে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়। সে সময়ও আফ্রিদিকে পুলিশের ইউনিফর্মে দেখে তার হাতে গ্রেপ্তারের আর্জি জানিয়ে মজার মজার সব টুইট করেছিল তার ভক্তরা।