প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪০ পিএম
বিগ ব্যাশের প্রথম দুই মৌসুমে শিরোপার খুব কাছ থেকে ফিরেছিল পার্থ স্কোর্চার্স। এরপর টানা তিন আসরে ঘরে তুলেছিল শিরোপা। ২০২০-২১ মৌসুমে রানার্স আপ হওয়ার পর আবার টানা দুটি মৌসুমে চ্যাম্পিয়ন হল পার্থ।
শনিবার পার্থ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে বিগ ব্যাশের পঞ্চম শিরোপা জিতেছে পার্থ। ব্রিসবেনের ছোড়া ১৭৫ রান ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় পার্থ।
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু আনেন ব্রিসবেনের টপ অর্ডার। জস ব্রাউন ১২ বলে আনেন ২৫ রান। আরেক ওপেনার স্যাম হ্যাজেলেট যোগ করেন ৩৪ রান। তিনে নামা নাথান ৩৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস।
মিডল অর্ডারে খেই হারিয়ে ফেলা দলকে ১৭৫ রানের সংগ্রহ এনে দেন স্যাম হেইনের ১৬ বলে ২১ রান। ম্যাক্স ব্রায়ান্ট খেলেন ১৪ বলে ৩১ রানের ক্যামিও। বল হাতে পার্থের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জেসন, ম্যাথিও কেলি। একটি করে উইকেট জমা করেন অ্যারন হার্ডি, অ্যান্ডু টাই ও ডেভিড পেইন।
বড় লক্ষ্যের জবাবে দুর্দান্ত শুরু আনেন পার্থও। মাঝের দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেললেও অধিনায়ক অ্যাস্টন টার্নারের ৩২ বলে ৫২ রান জয়ের পথে এগিয়ে দেন। শেষ দিকে কুপার কোনোলির ১১ বলে ২৫ রান ও নিক হবসনের ৭ বলে ১৮ রানের ক্যামিওতে ৪ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় পার্থ।