× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা বছর না খেলেও সর্বোচ্চ আয় ফেদেরারের

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ১৭:১৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২২ ১৮:০৯ পিএম

সংগৃহীত

সংগৃহীত

২০২১ সালের জুলাইয়ে শেষবার প্রতিযোগিতামূলক টেনিস কোর্টে নেমেছিলেন। এরপর চোটের কারণে প্রায় ১৪ মাসেরও বেশি সময় খেলার মধ্যে তাকে দেখা যায়নি। 

তবুও গত এক বছরে টেনিসে সর্বোচ্চ আয়ের কীর্তি ধরে রেখেছেন রজার ফেদেরার। এ নিয়ে টানা ১৭ বছর সবচেয়ে বেশি আয় করলেন এই সুইস কিংবদন্তি।

৪১ বছর বয়সী ফেদেরারের আয়ের অঙ্কটি প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। গত এক বছরে প্রায় ৯ কোটি মার্কিন ডলার আয় করেছেন ফেদেরার, যা দ্বিতীয় স্থানে থাকা নাওমি ওসাকার চেয়ে ৩ কোটি ৩০ লাখ ডলার বেশি। আয়ের এই হিসাব করা হয়েছে কর ও এজেন্ট ফি বাবদ খরচের আগে।

গত ১২ মাসে একটি ম্যাচ না খেলার পরও ফেদেরারের আয় হয়েছে মূলত এন্ডোর্সমেন্ট, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ব্যবসায়িক উদ্যোগ থেকে। দ্বিতীয় স্থানে থাকা ওসাকারও আয়ের সিংহভাগ এন্ডোর্সমেন্ট এবং ব্যবসা থেকে। ২৪ বছর বয়সী জাপানি তারকা সম্প্রতি বাস্কেটবল তারকা লেব্রন জেমসের সঙ্গে নতুন মিডিয়া কোম্পানি চালু করেছেন। জুনে শুরু হয়েছে তার মালিকানার নতুন একটি স্পোর্টস এজেন্সিও।

ফোর্বসের তালিকা থেকে গত এক বছরে টেনিসের বেশি আয় করা প্রথম ১০ জনের হিসাব এক জায়গায় করলে বিরাট একটা অঙ্ক দাঁড়ায়। সেটা ৩১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার; যা আগের দুই বছরের চেয়ে কম। ২০২০ সালে সেরা ১০ জনের মিলিত আয় ছিল ৩৪ কোটি ৩০ লাখ ডলার। তার আগের বছর এটা ছিল ৩২ কোটি ডলার।

তবে টেনিস কোর্টের বাইরের আয় ধরলে পরিমাণ বেড়েছে। তালিকার প্রথম ১০ জনের কোর্টের বাইরের আয় গতবার যেখানে ২৮ কোটি ১০ লাখ ডলার ছিল, এবার সেটি ২৮ কোটি ৫০ লাখ ডলার। 

ফেদেরারের পর তালিকার পরের জায়গাগুলোয় আছেন যথাক্রেম ওসাকা (৫ কোটি ৬২ লাখ ডলার), সেরেনা উইলিয়ামস (৩ কোটি ৫১ লাখ), রাফায়েল নাদাল (৩ কোটি ১৪ লাখ), নোভাক জোকোভিচ (২ কোটি ৭১ লাখ), এমা রাদুকানু (২ কোটি ১১ লাখ), দানিল মেদভেদেভ (১ কোটি ৯৩), কেই নিশিকরি (১ কোটি ৩২ লাখ), ভেনাস উইলিয়ামস (১ কোটি ২০ লাখ) ও কার্লোস আলকারাজ (১ কোটি ৯ লাখ)।

প্রবা/রাই/এমআই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা